সায়রা মহসিনসহ ৫ জনের মনোনয়নপত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের উপনির্বাচনে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আওয়ামী লীগসহ তিনটি রাজনৈতিক দল এবং দুজন স্বতন্ত্র প্রার্থী মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানকারীরা হচ্ছেন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দা সায়রা মহসিন, জাতীয় পার্টির (এরশাদ) সৈয়দ নুরুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট-বিএনএফ প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশিদ ও সুহেল আহমদ।
সায়রা মহসিনের মনোনয়নপত্র জমাদানের সময় মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন সিরাজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ফিরোজ, সাংগঠনকি সম্পাদক কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মসুদ আহমদ, সাধারণ সম্পাদক আনকার আহমদসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। মহসিন আলীর তিন মেয়ে মায়ের সঙ্গে ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সৈয়দা সায়রা মহসিন সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামীর স্বপ্ন ছিল মৌলভীবাজারকে সুন্দর করে গড়ে তোলা। আমারও ইচ্ছা তাই। এ জন্য সবার কাছে সহযোগিতা চাইছি।’
৮ ডিসেম্বর এ আসনে উপনির্বাচন। গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। যাচাই-বাছাই শেষে প্রার্থীর নাম ঘোষণা করা হবে ১৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ নভেম্বর।