সায়হাম গ্রুপের মনিরুল হত্যায় ৫ জনকে গ্রেপ্তার
সায়হাম গ্রুপের এজিএম (মার্কেটিং) মনিরুল ইসলাম খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুরসালিন, শাকিল, আকাশ, আশিক ও জুয়েল।
২২ মে সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন স্থানে ডিবির খিলগাঁও জোনাল টিম অভিযান পরিচালনা করে এই পাঁচজনকে গ্রেপ্তার করা করে। আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশ এক সংবাদ সম্মেলনে এ কথা জানায়। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই পাঁচজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণগাঁও এলাকার একটি জলাশয় থেকে নিহত মনিরুলে লুট হওয়া দুটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করে তা জব্দ করা হয়েছে।
১৭ মে মনিরুল গাড়ির চালককে সবুজবাগ থানার নন্দিপাড়া ব্রিজের পূর্ব পাশে দাঁড় করিয়ে রেখে ‘আসছি’ বলে চলে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরদিন খিলগাঁও পুলিশ মোস্তমাজির মোড় এলাকা থেকে মনিরুলের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।