সায়াদ হত্যাকাণ্ডে জড়িত ৬ শিক্ষার্থীর শাস্তির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সায়াদ হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার রাত নয়টার পর উপাচার্য রফিকুল হকের বাসভবনে আবাসন ও শৃঙ্খলা বোর্ডের জরুরি বৈঠকে হত্যাকাণ্ডে জড়িত ছয় শিক্ষার্থীর শাস্তির সুপারিশ করা হয়েছে।
আজ বুধবার সকালে সিন্ডিকেটের জরুরি সভায় এ সুপারিশ পাস করার কথা। আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব শহীদুর রহমান খান গতকাল রাত সাড়ে ১১টায় এ কথা জানান। এদিকে ছাত্রলীগের নেতা সায়াদ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সন্ধ্যায় স্মৃতিচারণা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। নিজের হলে নিজ দলের নেতা-কর্মীদের পিটুনিতে আহত সায়াদ ১ এপ্রিল ময়মনসিংহের একটি ক্লিনিকে মারা যান।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা রুস্তম আলী আকন্দের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চার দিন ধর্মঘট পালন শেষে গতকাল কর্মসূচি স্থগিত করা হয়েছে। গতকাল এক সংবাদ সমেঞ্চলনে ২৯ এপ্রিল পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় ছাত্রলীগ। তবে ২৯ এপ্রিলের মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারসহ ছয় দফা দাবি মেনে নেওয়া না হলে আবারও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে সংগঠনটি। গত শুক্রবার রুস্তম আলী নিহত হন।
এর আগে ধর্মঘটের সমর্থনে এবং শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল বেলা ১১টা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে ছাত্রলীগ। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে শোকসভা করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। হত্যাকাণ্ডটি নিয়ে অভিযোগের তির ছাত্রলীগের দুই নেতা-কর্মীর দিকে থাকলেও ছাত্রলীগের দাবি, শিবিরের ক্যাডাররাই তাঁকে হত্যা করেছে।
দুজন রিমান্ডে: এদিকে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া ছাত্রশিবিরের দুই নেতা-কর্মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রাজশাহীর মুখ্য মহানগর আদালতে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক শারমিন আকতার শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম এবং তথ্য ও গবেষণা সম্পাদক মুত্তাকীন রহমানের মুক্তির দাবিতে আবারও ধর্মঘট ডেকেছে ছাত্রদল। আগামী শনি ও রোববার এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। গতকাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক এ ঘোষণা দেন। গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় কর্তৃপক্ষের করা মামলায় রাশিদুল ইসলাম ও মুত্তাকীন রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।