সায়াদ হত্যার বিচার চাইল ছাত্রলীগ!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়াদ হত্যার বিচার দাবি করে মানববন্ধন করেছে ছাত্রলীগ। ‘সংগ্রামী সাধারণ ছাত্র জনতা’ ব্যানারে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে তাঁরা মানববন্ধন করে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অংশ নেন। মানববন্ধনে যোগ দেন উপাচার্য রফিকুল হক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছাত্রবিষয়ক অধ্যাপক সুলতান উদ্দিন ভূঞা। তবে শিক্ষক সমিতির কোনো নেতাকে মানববন্ধনে অংশ নিতে দেখা যায়নি।
গত সোমবার রাতে সায়াদ হত্যাকাণ্ডের পর থেকে হত্যাকারীদের নাম প্রকাশ করে মামলা করা, অপরাধীদের আজীবন বহিষ্কার ও তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করে ‘আন্দোলনকারী শিক্ষার্থী’র ব্যানারে আন্দোলন চলছে। তবে তাঁদের আন্দোলনে যোগ দেননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল হক। শুরু থেকে যাঁরা আন্দোলন করে আসছিলেন তাঁদের সঙ্গে যোগ না দিয়ে আজ একই ব্যানারে ছাত্রলীগের মানববন্ধনে যোগ দিয়েছেন তিনি। এ ব্যাপারে জানতে চাইলে উপাচার্য রফিকুল হক বলেন, ‘এ আন্দোলনের পক্ষে যাঁরা আমি তাদের সঙ্গে আছি। আমি নিজেও এর বিচার চাই।’
ছাত্রলীগের মানববন্ধনে যোগ না দেওয়ার ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক সমিতির একজন নেতা বলেন, ‘আন্দোলন ভিন্ন খাতে প্রভাবিত করতে সাধারণ শিক্ষার্থীদের ভাগ করা হচ্ছে। তবে যে শিক্ষার্থীরা আগে থেকেই আন্দোলন করে আসছে অর্থাত্ আমরা যাদের সঙ্গে একাত্ম ঘোষণা করেছি, তাদের সঙ্গে আমরা আছি, থাকব। আজ বিকেলে তাদের কর্মসূচিতে শিক্ষক সমিতি অংশগ্রহণ করবে।’ বিকেল পাঁচটার দিকে মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক বিজয় ’৭১-এর পাদদেশে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন করার কথা।
কেন এই হত্যা: আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়াদ ছিলেন ২০১২-২০১৩ সালের নির্বাচিত শ্রেণী প্রতিনিধি। গতকাল বৃহস্পতিবার অনুষদের ছাত্র সমিতির নির্বাচনে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তাঁর। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুজয় কুমার কুণ্ডুও নির্বাচন করতে চেয়েছিলেন। অনুষদের শিক্ষার্থীরা জানান, সায়াদের জনপ্রিয়তা নিয়ে দুশ্চিন্তা ছিল সুজয়ের। এ কারণেই তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, গত রোববার চতুর্থ বর্ষের ফিশারিজ বায়োলজি ও জেনেটিকস বিভাগের একটি কোর্সের ক্লাস পরীক্ষাটি শিক্ষককে বলে পেছানোর জন্য সায়াদকে চাপ দিয়েছিলেন সুজয় ও রোকন। তাঁদের চাপে একপর্যায়ে তিনি পরীক্ষা হবে না বললেও পরীক্ষা হয় এবং মাত্র দুজন অংশ নেন। শিক্ষক আবার পরীক্ষা নিতে রাজি না হওয়ায় বিষয়টি নিয়ে সুজয়ের সঙ্গে সায়াদের বাগবিতণ্ডা হয়। এর জেরে সোমবার সন্ধ্যায় হলের ২০৫ কক্ষে সায়াদকে ডেকে নিয়ে রড, লাঠি, হকিস্টিক দিয়ে নির্মমভাবে পেটানো হয়। পিটুনিতে সায়াদ বমি করেন ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। ওই কক্ষে তখন সুজয়, রোকনসহ ছাত্রলীগের কয়েকজন নেতা ছিলেন। ওই রাতে সায়াদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি ময়মনসিংহ শহরের ট্রমা সেন্টারে মারা যান। কে বা কারা তাঁকে ট্রমা সেন্টারে নিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ পরে সুজয় ও রোকনকে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজের মোড় থেকে গ্রেপ্তার করেছে।
উত্তাল ক্যাম্পাস: সায়াদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে সকাল নয়টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। সাড়ে ১০টার দিকে তাঁরা প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন। গতকাল সকাল ১০টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা উপাচার্যকে স্মারকলিপি দেন। দুপুর ১২টার দিকে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেন। বিকেল পাঁচটার দিকে বিজয় ’৭১-এর পাদদেশে তাঁরা হত্যাকারীদের প্রতীকী ফাঁসি দেন।
সায়াদের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে উপাচার্যের সঙ্গে দেখা করে ১৩ দফা দাবি জানিয়েছেন মাত্স্যবিজ্ঞান অনুষদের শিক্ষকেরা। হত্যাকারীদের বিচারের দাবিতে বেলা একটার দিকে মৌন মিছিল করে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সোনালি দল। আজও বিভিন্ন কর্মসূচি চলছে ক্যাম্পাসে।
মামলা ও তদন্ত কমিটি: আন্দোলনের মুখে সায়াদের মৃত্যুর ঘটনায় গত বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দীন হাওলাদার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। তবে আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। ঘটনাটি তদন্তে মাত্স্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক মহসীন আলীকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নিহত সাদের বাড়ি রাজশাহী শহরের রাজপাড়ায়।
আরও জানতে পড়ুন