সায়াদ হত্যার বিচারের দাবিতে ফের আন্দোলন

ছাত্রলীগের নেতা সায়াদ ইবনে মোমতাজ হত্যাকাণ্ডের ঘটনায় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবার আন্দোলন শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল আটটার দিকে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। পরে তাঁরা প্রশাসন ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।
আগের তদন্ত কমিটির সিদ্ধান্ত বহাল রেখে সম্পূরক তদন্ত করে খুনিদের শাস্তির আওতায় আনা, হত্যাকাণ্ডে জড়িত সব অভিযুক্তকে নাম উল্লেখ করে মামলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আজ সকাল ১০টা পর্যন্ত আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়ে ক্লাস বর্জন করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাত্স্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী সায়াদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সকাল আটটার দিকে প্রশাসন ভবনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সব অনুষদের ক্লাস ও পরীক্ষা বন্ধ করার জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন অনুষদের ভবনে বিক্ষোভ মিছিল করেন। এর পর প্রশাসন ভবনের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দাবি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে আবারও অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে। আগামীকাল বুধবার সকাল নয়টায় আবার প্রশাসন ভবন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।