সায়েদাবাদ টার্মিনালে ঈদ যাত্রার প্রস্তুতি
ভাঙাচোরা রাস্তা মেরামত না হলে যানজট বাড়বে। এ অবস্থায় ঈদের সময় অতিরিক্ত বাস নামানোর বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন সায়েদাবাদ টার্মিনাল ও আশপাশের এলাকা থেকে বিভিন্ন রুটের পরিবহন ব্যবস্থাপকেরা।
গত শুক্রবার টার্মিনাল ও আশপাশের এলাকায় বিভিন্ন পরিবহন কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে জানা যায়। তারপরও এই টার্মিনাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, কুমিল্লা, ফেনী, নোয়াখালী প্রভৃতি দূরপাল্লার রুটে ঈদের আগের দিনগুলোয় প্রতিদিন দুই হাজারেরও বেশি বাস ছেড়ে যাবে। এর মধ্যে শ্যামলী, হানিফসহ প্রধান পরিবহনগুলোর এক একটির শতাধিক বাস ছেড়ে যাবে। ফেনী রুটের স্টার লাইন পরিবহনেরও পর্যাপ্তসংখ্যক বাস প্রস্তুত থাকবে বলে জানানো হয়েছে।
স্টার লাইন পরিবহনের ব্যবস্থাপক মো. নাসিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ১৫ মিনিট পরপর ছেড়ে যাওয়ার মতো পর্যাপ্ত বাস এবং ব্যবস্থা তাঁদের রয়েছে। তারপরও সবকিছু নির্ভর করবে যানজটের ওপর।
শ্যামলী পরিবহনের কাউন্টার থেকে বলা হয়, শীতাতপনিয়ন্ত্রিত ও সাধারণ বাস মিলে সায়েদাবাদ থেকে শতাধিক বাস যাওয়ার ব্যবস্থা থাকবে। তবে অনাকাঙ্ক্ষিত যানজট পরিস্থিতি বদলে দিতে পারে।
এলাকা ঘুরে দেখা যায়, সায়েদাবাদ সেতুর কাছে সড়ক মেরামতের কাজ চললেও টার্মিনাল এবং প্রধান সড়ক এখন পর্যন্ত চলাচলের পুরোপুরি উপযুক্ত নয়। বৃষ্টি হলে অবস্থা আরও খারাপ হয়ে যায় বলে বাস কাউন্টার ও দুপাশের দোকানিরা জানান। রাস্তা খারাপ হলেও রিকশা-অটোরিকশা, বাস, মোটরগাড়ি সবই চলছে। টার্মিনালের ভেতরে খানাখন্দ ভরা।
ঈদের যাত্রা আরও পরে শুরু হবে। তারপরও কেউ কেউ পরিবারকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। যাত্রীসেবা পরিবহনের কিছু কর্মী নিজস্ব বাসে ওঠানোর জন্য যাত্রীদের টানাটানিও করছিল।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ের একজন প্রকৌশলী বলেন, জয়কালী মন্দির থেকে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী পর্যন্ত ২২ কোটি টাকায় রাস্তা মেরামতের কাজ চলছে। ঈদের আগেই মানুষের এই দুর্ভোগ যাতে অনেক কমে যায়, সেই চেষ্টাই করা হচ্ছে।