সায়েদাবাদ টার্মিনালে ধর্মঘট, যাত্রীদের চরম দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবহনশ্রমিকদের দুটি সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সকাল ছয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট সড়কপথে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। গন্তব্যে যেতে অনেককেই তাই দুর্ভোগ পোহাতে হয়েছে। কেউ ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় বসে ছিলেন। কেউ কেউ দু–একটি বাস পেয়ে তাতে চেপে বসতে রীতিমতো যুদ্ধ করেছেন l ছবি: আশরাফুল আলম ও আবদুস সালাম
পরিবহনশ্রমিকদের দুটি সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সকাল ছয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট সড়কপথে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। গন্তব্যে যেতে অনেককেই তাই দুর্ভোগ পোহাতে হয়েছে। কেউ ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় বসে ছিলেন। কেউ কেউ দু–একটি বাস পেয়ে তাতে চেপে বসতে রীতিমতো যুদ্ধ করেছেন l ছবি: আশরাফুল আলম ও আবদুস সালাম

কার্যালয় দখল নিয়ে পরিবহনশ্রমিকদের ধর্মঘটের কারণে গতকাল মঙ্গলবারও ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তাঁরা কোনো যানবাহন পাননি। একই অবস্থা ছিল ঢাকা থেকে পূর্বাঞ্চলগামী যাত্রীদের। বাস না পেয়ে যাত্রীদের কেউ কেউ বিষণ্ন মনে অপেক্ষা করেছেন, আবার কেউ হেঁটে গন্তব্যের দিকে চলে গেছেন।
দুপুরে গুলিস্তান এলাকায় গিয়ে দেখা গেছে, গোলাপ শাহ মাজারের দিকটায় প্রতিদিনের মতো যান চলাচল স্বাভাবিক। কিন্তু বঙ্গভবন ঘেঁষে ইত্তেফাক মোড়ে যাওয়ার পথটি অনেকটাই ফাঁকা। পুরো সড়কটাই রিকশা আর সিএনজিচালিত অটোরিকশার দখলে। অনেকেই হেঁটে যাচ্ছেন সায়েদাবাদের দিকে। টয়েনবি সার্কুলার রোডে জনতা পার্টির কার্যালয়ের ফটকে কথা হয় ওয়ারী থানার একাধিক পুলিশ সদস্যের সঙ্গে। সড়ক ফাঁকা থাকার কারণ সম্পর্কে তাঁরা জানান, জনতা পার্টির নিচতলায় পরিবহনশ্রমিকদের একটি কার্যালয় রয়েছে। এই কার্যালয়ের দাবিদার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন নামে দুটি সংগঠন। এ নিয়ে দ্বন্দ্বের কারণে বাংলাদেশ পরিবহন শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে। তাই এই সড়কে কোনো বাস চলছে না। একই অবস্থা সায়েদাবাদ বাস টার্মিনালে। সেখান থেকে কোনো বাসও চলছে না।
পুলিশের তথ্য অনুযায়ী বেলা দেড়টার দিকে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনাল থেকে গাজীপুর, নারায়ণগঞ্জ, নোয়াখালী, মৌলভীবাজার, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম রুটে চলাচলকারী দূরপাল্লার শতাধিক বাসের একটিও চলছে না। বাসের জন্য অপেক্ষা করছেন কয়েক শ যাত্রী। যাত্রীদের একজন আবদুর রহমান জানান, এক দিন আগে ভাতিজাকে কলেজে ভর্তি করাতে কুমিল্লা থেকে ঢাকায় এসেছেন। গতকাল দুপুরে বাড্ডা থেকে সায়েদাবাদ বাস টার্মিনালে এসেছেন। কিন্তু এসে দেখেন কোনো বাস চলছে না। তিনি বলেন, ‘রোজা থেকে তিন ঘণ্টা থেকে বাসের জন্য অপেক্ষা করছি। কখন বাস ছাড়বে জানি না। আবার যে বাড্ডায় ফিরব সে উপায়ও নেই।’
আবদুর রহমানের পাশেই গোল হয়ে বসে আছেন কয়েকজন নারী। তাঁদের একজন মাহমুদা বেগম। বয়স ৬০-এর কাছাকাছি। গরমে চোয়াল বেয়ে ঘাম ঝরছে তাঁর, আরেক নারী তাঁকে একটি কাগজের টুকরা দিয়ে বাতাস করছেন। জানতে চাইলে মাহমুদা বলেন, ‘মৌলভীবাজার যাব। মিরপুরে ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলাম। দেড়-দুই ঘণ্টার যানজট ঠেলে বাসস্ট্যান্ডে এসে দেখি বাস চলছে না। তাই বসে আছি।’
কবির আহমেদ নামে আরেক যুবক বলেন, ‘সিলেট যাওয়ার জন্য গেন্ডারিয়া থেকে এসেছিলাম। কখন আবার বাস ছাড়বে ঠিক নেই। তাই আবার বাসায় ফিরে যাচ্ছি।’
যাত্রীদের এমন দুর্ভোগ সম্পর্কে জানতে চাইলে বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (এই সংগঠনের সদস্যরাও ধর্মঘটে আছেন) সাধারণ সম্পাদক আলী রেজা বলেন, ‘যাত্রীদের দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। শ্রমিকদের সঙ্গে অন্যায় করা হয়েছে, তাই তারা প্রতিবাদ জানাচ্ছে।’
যাত্রীদের এমন দুর্ভোগের পর বিকেলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এতে যাত্রীদের দুর্ভোগ কমলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি।