স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদ উদ্যাপন করতে গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া যাবেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী রবিউল ইসলাম। ঢাকার সায়েদাবাদ থেকে গতকাল বুধবার বেলা দুইটায় বাসে চড়ে কাঁচপুর সেতু পার হতে তাঁর বিকেল সাড়ে চারটা বেজে যায়। রবিউলের মতো ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করে যেসব যাত্রী ঈদ করতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন, কাঁচপুর পর্যন্ত পৌঁছাতেই তাঁদের নাকাল হতে হয়। গতকাল বেলা আড়াইটায় কাঁচপুর সেতুর কাছে গিয়ে হাজার হাজার যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা যানজটের কবলে পড়ে থাকতে দেখা যায়। এ সময় কিছু গাড়ি নিশ্চল দাঁড়িয়ে ছিল। আবার কিছু কিছু থেমে থেমে চলছিল। বিকেল সাড়ে চারটা পর্যন্ত সেখানে এ অবস্থা দেখা যায়। ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের চালক আলী আজগর জানান, সায়েদাবাদ থেকে কাঁচপুর সেতু পর্যন্ত পৌঁছাতে সাধারণত ২৫ মিনিটের মতো সময় লাগে। কিন্তু গতকাল তাঁর দুই ঘণ্টা সময় লেগেছে। শ্যামলী পরিবহনের সুপারভাইজার কুদরত আলী মনে করেন, ঈদ উপলক্ষে গতকাল সবচেয়ে বেশিসংখ্যক মানুষ ঢাকা ছেড়েছে। এ জন্য অন্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে অন্য বছরের তুলনায় এবার যানজট কম।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী প্রথম আলোকে জানান, মহাসড়কের যানজট যাতে না হয়, সে জন্য এ বছর মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যানবাহনের সংখ্যা বাড়ার কারণে কাঁচপুর সেতু এলাকায় যানজটের সৃষ্টি হয়। গতকাল রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট লেগে থাকতে দেখা যায়।মহাসড়ক অবরোধ: এদিকে গতকাল সন্ধ্যায় সোনারগাঁয়ের পিরোজপুর এলাকার স্পিন এন ওয়েব লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাঙ্গলবন্দ থেকে মেঘনা সেতু পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে বেতন-বোনাস পরিশোধের ব্যবস্থা করার ঘোষণা দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।