খায়রুল হত্যা মামলায় পরিবহন নেতা কালাম রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী শ্রমিক লীগের নেতা খায়রুল মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার পরিবহন নেতা আবুল কালামের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার পুলিশ তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবুল কালাম সায়েদাবাদ আন্তজেলা বাস-মালিক সমিতির সভাপতি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল বুধবার রাত নয়টার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে।

আজ দুপুরে প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (তথ্য ও জনসংযোগ) সাত্যকি কবিরাজ।

এ পর্যন্ত এই হত্যা মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। খায়রুল মোল্লা হত্যা মামলায় আবুল কালাম আজাদের নাম উল্লেখ নেই। তাঁকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবির উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, খায়রুল হত্যাকাণ্ডে কালামের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য তাঁকে রিমান্ডে নেওয়া হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির মামলাসংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে জানান, গত মঙ্গলবার দনিয়া থেকে আলমগীর নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত খায়রুল মোল্লার স্ত্রী শেফালি আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে বড় ধরনের সিন্ডিকেট জড়িত। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

৭ নভেম্বর আওয়ামী লীগের নেতা খায়রুল মোল্লাকে রাজধানীর মতিঝিল এলাকায় খুন করে দুর্বৃত্তরা। ওই দিন সন্ধ্যায় মতিঝিলে সমবায় ব্যাংকের তিনতলায় তিনি খুন হন বলে পুলিশ জানায়। খায়রুল সায়েদাবাদ বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।