সায়েদাবাদ শিশুপার্কের দুর্দিন কাটছে না

প্রতিদিন হাতে গোনা কিছু দর্শনার্থী দিয়ে অনেকটা গড়িয়ে গড়িয়ে চলছে সায়েদাবাদ শিশুপার্ক। পুরান ঢাকার স্বামীবাগ ও সায়েদাবাদের সংযোগস্থলে ওয়ান্ডার ল্যান্ডের অধীন পার্ক। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় একমাত্র বেসরকারি শিশুপার্ক এটি।
শিশুপার্কে শুক্রবার ছুটির দিনে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়। কিন্তু এই পার্কে গতকাল বেলা তিনটা পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ৩৯টি টিকিট। টাকার অঙ্কে যার মূল্য ১ হাজার ৯৫০। শিশুপার্কে শুরু থেকে চাকরি করছেন, এমন দুজন কর্মচারী দুঃখ করে বলেন, শুরুর দিকে শুক্রবার ও ছুটির দিনগুলোয় কমপক্ষে এক হাজার দর্শনার্থী পার্কে বেড়াতে বা বিভিন্ন রাইডস ব্যবহার করতে আসত। আর এখন দর্শকের সংখ্যার কথা বলতে খারাপ লাগে।
গতকাল বিকেল সোয়া চারটার দিকে দেখা গেল, পার্কের বেশির ভাগ রাইডই খালি। কোনো কোনোটিতে দু-তিনজন করে শিশু। কয়েকটি রাইডে কোনো শিশু বা কেউই নেই; তবু চলছে। আগত ব্যক্তিদের মধ্যে কিছু তরুণ-তরুণী দেখা যায়, যাঁরা এসেছেন শুধু গল্প করতে। নিরাপদ জায়গা হিসেবে তাঁরা বেছে নিয়েছেন শিশুদের এই পার্কটিকেই। আর বাকি যাঁরা আছেন, তাঁরা শিশুদের অভিভাবক।
>দুজন কর্মচারী দুঃখ করে বলেন, শুরুর দিকে শুক্রবার ও ছুটির দিনগুলোয় কমপক্ষে এক হাজার দর্শনার্থী পার্কে বেড়াতে বা বিভিন্ন রাইডস ব্যবহার করতে আসত
বেশ কিছু প্রতিবন্ধকতা এখানে দর্শনার্থী না আসার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে বলে জানা যায়। প্রায় আট বছর আগে গুলিস্তান-যাত্রাবাড়ি উড়ালসড়ক তৈরির কাজ শুরুর পর থেকে কখনো ধুলাবালি, কখনো জলাবদ্ধতা আর কাদার যন্ত্রণায় পার্কটি একরকম বন্ধই হয়ে যায়। পরে উড়ালসড়ক চালু হলেও দ্রুতগামী ভারী যানবাহনের অবাধ যাতায়াত, ভাঙাচোরা সড়ক আর পার্কের বাইরে আবর্জনায় ভরা পরিবেশ মানুষজনের এখানে আসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এখন দর্শনার্থী আরও কম হওয়ার বড় একটি কারণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা। যেমন এখন শুরু হচ্ছে পিএসসি পরীক্ষা।
হিসাবরক্ষক রফিকুল ইসলাম বলেন, মূলত এখানে উড়ালসড়ক (গুলিস্তান-যাত্রাবাড়ি) নির্মাণ শুরুর সময়েই বেড়াতে আসা শিশুকিশোর বা বড়দের আসার আগ্রহে ভাটা পড়তে থাকে। বর্তমানে দর্শনার্থীর সংখ্যা অত্যন্ত কমে গেছে। কোনো কোনো দিন এই সংখ্যা ২০-ও হয় না। তিনি বলেন, পরীক্ষার কারণে বর্তমানে দর্শক খুব কম। তাঁর হিসাব অনুযায়ী, ডিসেম্বরে সব পরীক্ষা শেষ হলে দর্শনার্থীর সংখ্যা কিছুটা বাড়বে।
গতকাল দেখা যায়, এলাকার ভাঙা সড়কগুলোয় পিচ ঢেলে মেরামত করা হয়েছে। কিন্তু যানবাহনের বেপরোয়া চলাচল কমেনি। বিভাজকের কারণে অনেক সড়ক খুবই সরু আকার নিয়েছে। কিছু সড়ক আবার একমুখী। কিন্তু যানবাহনগুলো তা মানছে না। শিশুপার্ক রয়েছে, তারপরও দ্রুতগতিতে চলাচল করছে গাজীপুর-সায়েদাবাদ রুটের বলাকা সার্ভিস, আবদুল্লাহপুর-মদনপুরের হিমালয় ট্রান্সপোর্ট, গুলিস্তান-তারাবর নামহীন বাস এবং মিরপুর-যাত্রাবাড়ি রুটের শিকড় পরিবহন, দ্য নিউ আনন্দ ও সোহাগ। বেপরোয়াভাবে কিছু কাভার্ডভ্যানও চলতে দেখা যায়।
পথচারী ও রিকশা আরোহীরা চলছেন ঝুঁকি নিয়ে। বিশেষ করে স্বামীবাগের বিভিন্ন মহল্লায় যাওয়ার যে দুটি সংযোগসড়ক রয়েছে, সে দুটির প্রবেশপথে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে এলাকার দোকানি ও বাসিন্দারা বলেন। এই বিপজ্জনক বেষ্টনীর অনেকটা মধ্যেখানে শিশুপার্কটির অবস্থান। কোনো ট্রাফিক পুলিশও থাকে না। গতকাল শুক্রবারও দেখা যায়নি।
পার্কের বাইরে উড়ালসড়কের নিচে বিভাজনের মাঝখানে ময়লা-আবর্জনার স্তূপও দেখা যায়। চারপাশের লোকালয়ের আবর্জনা এখানে জমা হয়। পার্কের দর্শনার্থীদের নাকে চলে আসে দুর্গন্ধ।