সায়েদাবাদে অতিরিক্ত ভিড় ও ভাড়ায় যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়েদাবাদ বাস টার্মিনালে আজ ঘরমুখী যাত্রীর প্রচণ্ড ভিড়
ছবি: সাদ্দাম হোসেন

অতিরিক্ত যাত্রী ও ঢাকায় ঢোকার মুখে যানজটের কারণে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল থেকে বেশির ভাগ বাসই দেরিতে ছাড়ছে। প্রায় প্রতিটি বাসেই স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গন্তব্যে যাওয়ার বাস পাচ্ছে না। এসব নিয়ে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখী যাত্রীরা। আজ শুক্রবার সকালে টার্মিনাল ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

সকাল থেকে বাসের অপেক্ষায় ছিলেন ঢাকা থেকে খুলনাগামী বাসের যাত্রী আহসানুর রহমান। বেলা ১১টার দিকে কথা হয় তাঁর সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, স্ত্রী–সন্তানসহ সকাল আটটায় তিনি টার্মিনালে এসেছেন। এসে দেখেন, কোনো বাস নেই। একটি বাসের দুটি টিকিট পেয়েছেন, কিন্তু দুজন বসতে পারবেন না। একজনকে বসে ও অন্যজনকে দাঁড়িয়ে যেতে হবে। জনপ্রতি ভাড়া দিতে হচ্ছে ৭০০ টাকা।

টার্মিনালে বাসের অপেক্ষায় ছিলেন ফারহান আহমেদ। তিনি বলেন, মাদারীপুরে যাওয়ার জন্য আগেই তিনি পরিবহনের টিকিট করেছেন। সকাল ৯টায় বাস ছাড়ার কথা থাকলেও বেলা ১১টা পর্যন্ত বাস টার্মিনালে আসেন। অগ্রিম টিকিট তিনি ৩৫০ টাকায় কিনলেও এখন প্রতিটি টিকিটের দাম ৫০০ টাকা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

অন্য রুটের বাসগুলোও নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ছে।

জোনাকি পরিবহনের মালিক মো. সোলায়মান প্রথম আলোকে বলেন, অতিরিক্ত যাত্রীর পাশাপাশি মদনপুর মেঘনাসহ বিভিন্ন জায়গায় যানজটে দীর্ঘ সময় আটকে থাকছে বাস। এতে বাস ছাড়তে দেরি হচ্ছে।

সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনাল থেকে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, সুনামগঞ্জ, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন রুটে চলা প্রায় সব পরিবহনেই স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া দিয়েও যাত্রীদের টিকিটের জন্য হুড়োহুড়ি করতে দেখা গেছে।

বাসের জন্য যাত্রীদের অপেক্ষা
ছবি: সাদ্দাম হোসেন

বেলা পৌনে ১১টার দিকে টার্মিনালে আসে ঢাকা কোম্পানীগঞ্জ নবীনগর রুটের তিশা গোল্ডেন পরিবহন। এ সময় টিকিটের জন্য হুড়োহুড়ি শুরু করে যাত্রীরা। ২০০ টাকার টিকিট তারা ৫০০ টাকায় কেনে।

ঢাকা-চট্টগ্রাম রুটের ঈগল পরিবহনের যাত্রী দীপায়ন বড়ুয়া বলেন, ৬২০ টাকার টিকিট তিনি ৭০০ টাকা কিনেছেন। সাড়ে ৯টার এ বাস সকাল ১০টা ২৫ মিনিটে ছাড়তে দেখা গেছে। একই রুটের সিডিএম পরিবহনের ভাড়াও ৮০ টাকা বেশি নেওয়া হয়েছে।

সিডিএম পরিবহনের সহকারী মো. বাবুল জানান, ঈদ উপলক্ষে একমুখী যাত্রীর চাপ বেশি, ঢাকায় ফেরার পথে যাত্রী পাওয়া যাচ্ছে না। তাই ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে।

টার্মিনাল ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে ঢাকা-বরিশাল রুটে। ঈদ উপলক্ষে ৪০০ টাকার ভাড়া ১ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

যাত্রী ভোগান্তি কমানো ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে টার্মিনালে দায়িত্ব পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের একটি দল। দলের সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক মো. মুসা প্রথম আলোকে জানিয়েছেন, ঢাকায় ঢোকার মুখে পোস্তগোলা ও ধোলাইপাড় এলাকায় তীব্র যানজটের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়ছে। অতিরিক্ত ভাড়া নিয়ে আজ তাঁরা একটি অভিযোগ পেয়েছিলেন, সেটিও নিষ্পত্তি করেছেন।