সায়েদাবাদে উচ্ছেদ অংশে প্রাচীর নির্মাণ

সায়েদাবাদের অবৈধ ট্রাকস্ট্যান্ডের উচ্ছেদ করা অংশে সীমানাপ্রাচীর নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)৷ ঈদুল আজহার পর বাকি অংশ উচ্ছেদ করে পুরো জায়গাটিতে সীমানাপ্রাচীর দেওয়া হবে বলে জানিয়েছে ডিএসসিসি৷
গত বৃহস্পতিবার ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদের নেতৃত্বে সায়েদাবাদের জনপদের মোড়ের অবৈধ এই ট্রাকস্ট্যান্ডটি উচ্ছেদে অভিযান চালানো হয়৷ কিন্তু ডিএসসিসির ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান, পরিবহনমালিক ও শ্রমিকদের বাধার কারণে মাঝপথে তা বন্ধ হয়ে যায়। এই স্ট্যান্ডে হাবিবুর রহমানের ৮ থেকে ১০টি ট্রাক নিয়মিত রাখা হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷
খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, উচ্ছেদ করা অংশে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। ফলে উচ্ছেদ করা অংশে নতুন করে ট্রাক রাখা যাবে না। ঈদের পর বাকি অংশ উচ্ছেদ করা হবে৷
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ৮ থেকে ১০ বছর আগে সায়েদাবাদের জনপদ মোড়ের দক্ষিণ পাশে ডিএসসিসির একটি খালি জায়গায় এই অবৈধ ট্রাকস্ট্যান্ড গড়ে ওঠে। স্ট্যান্ডটির কারণে এই এলাকায় দিনভর যানজট লেগে থাকে। যানজট রাতে আরও কয়েক গুণ বেড়ে যায়।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, সায়েদাবাদ জনপদ মোড়ের দক্ষিণ পাশের একটি খালি জায়গায় রয়েছে ওই ট্রাকস্ট্যান্ড৷ এতে এলোমেলোভাবে রাখা আছে আরও অর্ধশতাধিক ট্রাক। স্ট্যান্ডের পশ্চিম অংশে সীমানাপ্রাচীর নির্মাণ করছেন শ্রমিকেরা৷ পুরো ট্রাকস্ট্যান্ডটি ময়লা-আবর্জনায় ভরা। উচ্ছেদ করা অংশে রয়েছে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সায়েদাবাদ শাখা৷ সেখানে আড্ডা দিচ্ছেন ট্রাকচালক ও শ্রমিকেরা৷ স্ট্যান্ড সম্পর্কে জানতে চাইলে কেউ কথা বলতে রাজি হননি৷