সায়েদাবাদে শ্রমিকদের দ্বন্দ্বে ভোগান্তি নগরবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়েদাবাদ বাস টার্মিনালের শ্রমিকদের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে একপক্ষ গতকাল মেয়র হানিফ উড়ালসড়কের ওপর ও নিচে    আ​ড়াআড়িভাবে বাস রেখে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। যাত্রীরা গাড়ি থেকে​ নেমে হেঁটে উড়ালসড়ক পার হন l প্রথম আলো
সায়েদাবাদ বাস টার্মিনালের শ্রমিকদের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে একপক্ষ গতকাল মেয়র হানিফ উড়ালসড়কের ওপর ও নিচে আ​ড়াআড়িভাবে বাস রেখে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। যাত্রীরা গাড়ি থেকে​ নেমে হেঁটে উড়ালসড়ক পার হন l প্রথম আলো

পরিবহনশ্রমিকদের অবরোধের কারণে গতকাল সোমবার দুপুরে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়ক দিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা অবরোধ তুলে নিলেও গুলিস্তান-সায়েদাবাদ এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
পুলিশ জানিয়েছে, ওয়ারীতে পরিবহনশ্রমিকদের ব্যবহৃত একটি কার্যালয় নিজেদের বলে দাবি করছে দুটি সংগঠন। এই কার্যালয়টি দখলকে কেন্দ্র করে বেলা ১১টার দিকে দুটি শ্রমিক সংগঠনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহনশ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা মেয়র হানিফ উড়ালসড়কের গুলিস্তান ও সায়েদাবাদের প্রবেশমুখে আড়াআড়ি করে বাস রেখে যান চলাচল বন্ধ করে দেন।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক পূর্ব) ফরিদ উদ্দিন বলেন, শ্রমিকদের আন্দোলনের কারণে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অভিযোগ, দীর্ঘদিন থেকে ওয়ারীর টয়েনবি সার্কুলার রোডের একটি দোতলা ভবনের নিচতলা এই সংগঠনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। সোমবার ভোরে ‘ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন’ নামে অন্য একটি সংগঠন ওই কার্যালয় দখল করে তাদের সাইনবোর্ড টানিয়ে দেয়। এ সময় ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা কার্যালয়ে ভাঙচুর করেন এবং নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে পরিবহনশ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নামেন। পরে পুলিশের আশ্বাসে তাঁরা আন্দোলন বন্ধ করেন। কার্যালয় ফিরে না পেলে আজ সকাল থেকে সংগঠনটির পক্ষ থেকে আবার পরিবহন ধর্মঘটে যাওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।
তবে কার্যালয় দখলের অভিযোগ অস্বীকার করে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সফর আলী বলেন, ‘২০০৬ সালের অধ্যাদেশ অনুযায়ী দেশব্যাপী কোনো শ্রমিক সংগঠন থাকতে পারবে না, শ্রমিক সংগঠন হবে জেলাভিত্তিক। আদালতের আদেশ অনুযায়ী ওই কার্যালয় আমাদের।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কার্যালয় দখলকে কেন্দ্র করে বেলা ১১টার দিকে দুটি শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলিস্তান থেকে যাত্রাবাড়ীর পথে উড়ালসড়ক দিয়ে কোনো গাড়ি চলেনি। এ ছাড়া গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পাশে ও সায়েদাবাদ বাস টার্মিনালের সামনের সড়কও অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোনো গাড়িও ভাঙচুর করা হয়নি। এখন ওই কার্যালয় পুলিশের পাহারায় রয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল ওদুদ বলেন, কাল মঙ্গলবার (আজ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের ডিসি কার্যালয়ে বৈঠকের কথা রয়েছে। কার্যালয় ফিরে না পেলে কাল থেকে (আজ) সড়কে কোনো গাড়ি চলবে না।
এদিকে এক বিবৃতিতে সড়ক অবরোধ ও দুই শ্রমিক সংগঠনের সংঘর্ষের কারণে যাত্রী হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং সায়েদাবাদ বাস টার্মিনালের দখলকে কেন্দ্র করে পরিবহনশ্রমিকদের দুটি অংশে সংঘর্ষ ও অবরোধের ঘটনা ঘটেছে।