রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে গতকাল মঙ্গলবার দুপুরে বাসশ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। দুটি শ্রমিক সংগঠনের মধ্যে রেষারেষির জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষের কারণে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সায়েদাবাদের আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে ৬০-৭০ জন পরিবহন শ্রমিক চাঁদাবাজি বন্ধের দাবিতে সায়েদাবাদ রেলগেটে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তাঁরা সায়েদাবাদ বাস টার্মিনালে ঢুকতে গেলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অধিভুক্ত সায়েদাবাদ শ্রমিক কমিটির নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষ চলাকালে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষ লাঠি ও ইট ব্যবহার করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ছোড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে পায়ে গুলিবিদ্ধ ঢাকা সড়ক পরিবহন শ্রমিক লীগের বিমানবন্দর থানা শাখার কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন (৫০) ও ইটের আঘাতে আহত সদস্য জামাল হোসেনকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। পরে সায়েদাবাদ থেকে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও সিলেটের উদ্দেশে বাস ছেড়ে যায়।
হাসপাতালে শ্রমিকনেতা বিল্লাল হোসেন অভিযোগ করেন, বিএনপি ও জামায়াত-সমর্থিত সায়েদাবাদ শ্রমিক কমিটির নেতা-কর্মীরা প্রতিদিন একেকটি বাস থেকে ৭০ থেকে ১০০ টাকা করে চাঁদা তুলে নিজেরা ভাগাভাগি করে নেন। এই চাঁদাবাজদের উৎখাতে তাঁরা মিছিল নিয়ে সায়েদাবাদ টার্মিনালে ঢুকতে গেলে তাঁদের ওপর গুলি ও ইট ছোড়ে প্রতিপক্ষ। এতে শ্রমিক লীগের নেতারা আহত হন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্যাহ প্রথম আলোকে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অধিভুক্ত সায়েদাবাদ শ্রমিক কমিটি। ঢাকা সড়ক পরিবহন শ্রমিক লীগের নামে নাম ভাঙিয়ে সংগঠনের দুই শীর্ষ নেতা ফায়দা লুটছেন। বখাটে ছেলেদের সংগঠনের সদস্য করে তারা সায়েদাবাদ টার্মিনাল দখল করতে গিয়ে সায়েদাবাদ শ্রমিক কমিটির বাধার মুখে পড়ে। তিনি বলেন, চাঁদাবাজি হলে তা দেখার দায়িত্ব ঢাকা সড়ক পরিবহন শ্রমিক লীগের নয়, প্রশাসনের।
পুলিশ কর্মকর্তারা জানান, সায়েদাবাদ বাস টার্মিনালের মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম-সমর্থিত সায়েদবাদ শ্রমিক কমিটির এবং ঢাকা সড়ক পরিবহন শ্রমিক লীগের মধ্যে রেষারেষির জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়।
যোগাযোগ করা হলে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, দুই শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের চারটি গুলি ছুড়েছে। এ নিয়ে উভয় পক্ষ অভিযোগ দিলে তা মামলা হিসেবে গ্রহণ করা হবে।