সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ছাত্রলীগ-ব্যবসায়ী সংঘর্ষ
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় গতকাল শনিবার ইফতারের পর স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকায় পাঁচ-ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষের সময় সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেটসহ আশপাশের এলাকার পথচারী, যানবাহনের যাত্রী ও ঈদে কেনাকাটা করতে আসা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটি) শাখা ছাত্রলীগের সভাপতি আলামীন সবুজের নেতৃত্বে প্রায় ৫০ জন নেতা-কর্মী ল্যাবরেটরিসংলগ্ন মালঞ্চ রেস্টুরেন্টে প্রথমে ভাঙচুর চালান। পরে ব্যবসায়ীরা একজোট হয়ে ছাত্রলীগের কর্মীদের প্রতিরোধের চেষ্টা চালান। এ সময় উভয় পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে টিটি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতিসহ অন্তত চারজন আহত হয়েছেন। আলামীনকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও এলাকার ব্যবসায়ীদের ভাষ্যমতে, গতকাল ইফতারের কিছু সময় আগে আলামীনসহ কয়েকজন ছাত্র ল্যাবরেটরি মোড়সংলগ্ন মালঞ্চ রেস্টুরেন্টে যান। রেস্টুরেন্টে ভিড় থাকায় আলামীন রেস্টুরেন্টের ব্যবস্থাপকের বসার স্থানের পাশে দাঁড়ান। ওই স্থানে দাঁড়ানো নিয়ে তাঁর সঙ্গে রেস্টুরেন্টের মালিক ও কর্মচারীদের বাগিবতণ্ডা শুরু হয়। এর জের ধরেই হামলা ও ভাঙচুর হয়েছে। মালঞ্চ রেস্টুরেন্টের মালিক কামারুদ্দিন বলেন, ছাত্রলীগের নেতার সঙ্গে তর্ক হলেও তা মীমাংসা হয়ে যায়। কিন্তু ইফতারের কিছুক্ষণ পর টিটি কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীরা হঠাৎ রেস্টুরেন্টে এসে ভাঙচুর শুরু করেন। তবে টিটি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুব আলম দাবি করেন, ‘আলামীনকে আটক করে রেস্টুরেন্টের মালিক ও কর্মচারীরা ব্যাপক মারধর ও ছুরিকাঘাত করেছেন। এ খবর পেয়ে আমরা সেখানে গেলে সংঘর্ষ শুরু হয়।’ নিউমার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় দুই পক্ষেরই দোষ আছে। তবে এ নিয়ে কোনো পক্ষই মামলা করেনি।