সা’দত কলেজে ছাত্রলীগের বিরুদ্ধে ভর্তি-বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীরা টাকার বিনিময়ে মেধাক্রমে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তি করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ভর্তি-বাণিজ্যের ভাগ দিয়েছেন ছাত্রদল ও ছাত্রসমাজের নেতা-কর্মীদেরও।কলেজ সূত্রে জানা গেছে, সা’দত কলেজে ১৫টি বিষয়ে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য গত ১৫ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৫ জানুয়ারি প্রথম ধাপে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ভর্তিপ্রক্রিয়া শুরুর পর ছাত্রনেতারা অবৈধভাবে ছাত্র ভর্তির জন্য কলেজ কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে। গত ৭ ফেব্রুয়ারি দুপুরে প্রাণিবিদ্যা বিভাগে এবং বিকেলে শিক্ষক মিলনায়তনে নিজেদের পছন্দের শিক্ষার্থীদের ভর্তি করানোর ব্যাপারে গোপন বৈঠক করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ ছাত্রলীগের একজন নেতা জানান, ছাত্রনেতারা বিভিন্ন বিভাগের প্রায় ২০০ আসন নিজেদের পছন্দের শিক্ষার্থীদের জন্য নিয়েছেন। এর মধ্যে অর্ধেকের বেশি নিয়েছেন ছাত্রলীগের নেতারা। বাকিগুলো দেওয়া হয়েছে ছাত্রদল ও ছাত্রসমাজকে। ছাত্রনেতারা মেধাক্রমে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের টাকার বিনিময়ে ভর্তি করিয়ে নিয়েছেন। বিষয়ভেদে পাঁচ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। প্রথম আলোর অনুসন্ধানে এর সত্যতা মিলেছে। দেখা গেছে, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মেধাক্রমে পিছিয়ে থাকা বেশ কিছু শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।এ প্রসঙ্গে ভর্তি কমিটির সদস্য সহযোগী অধ্যাপক ফজলুল করিম বলেন, শূন্য আসনে ভর্তির জন্য সাত ফেব্রুয়ারি নির্ধারিত ছিল। সেদিন মেধাক্রমের সামনের দিকের অনেক শিক্ষার্থী অনুপস্থিত থাকায় পেছনের দিকের প্রার্থীদের ভর্তি করা হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ বলেন, যেসব শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়নি, তারাই এসব অভিযোগ করছে। ভর্তিপ্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি।সা’দত কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, টাকা নিয়ে ভর্তি করানোর প্রশ্নই আসে না।সা’দত কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার সাইফুদ্দিন ভর্তি-বাণিজ্যের ভাগ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, টাকা নিয়ে কাউকে ভর্তি করার খবর তাঁর জানা নেই।