সি-ক্রাউনসহ সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে হোটেল সি-ক্রাউনসহ সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা মিলেছে। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের একটি দল গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। গত ১৫ আগস্ট পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে সৈকত থেকে বালু উত্তোলনের অভিযোগে সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো: হোটেল সি-ক্রাউন, ফকির গ্রুপ, সি-ওয়েব, টাইটানিক ইরা, কক্স টাইটানিক, বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট ও হোটেল বে প্যারাডাইস। মামলার এজাহারে উল্লেখ করা হয়, পরিবেশ সংকটাপন্ন কলাতলী থেকে সুগন্ধা এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সৈকত ও সমুদ্রের তলদেশ থেকে মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে ওই প্রতিষ্ঠানগুলো জমি ভরাট, সীমানাপ্রাচীর নির্মাণ ও রাস্তা তৈরি করে আসছে। এ কারণে সৈকতের কলাতলী থেকে ডায়াবেটিক হাসপাতাল এলাকা পর্যন্ত পাঁচ-ছয়টি গুপ্তখালের সৃষ্টি হয়েছে। গত ২৯ জুলাই কলাতলীর গুপ্তখালে আটকা পড়ে ক্লোজআপওয়ান শিল্পী আবিদ শাহরিয়ার এবং মোস্তাকিন ও আশিকের করুণ মৃত্যু হয়। এর তিন দিন আগে গুপ্তখালে আটকা পড়ে ঢাকার আরও দুই কলেজছাত্র প্রাণ হারায়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা মামলাটি তদন্তের জন্য চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিদর্শক ও কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত সহকারী কর্মকর্তা সাইফুল আশ্রাবের নেতৃত্বে তিন সদস্যের একটি দল সৈকতের কলাতলী এলাকায় নেমে অভিযোগের তদন্ত শুরু করে। তদন্ত শেষে সন্ধ্যায় তারা চট্টগ্রাম ফিরে যায়। তদন্ত শেষে সাইফুল আশ্রাব প্রথম আলোকে জানান, মেশিনের মাধ্যমে সমুদ্রের তলদেশ থেকে বালু তুলে হোটেল সি-ক্রাউনের সামনে প্রতিরক্ষা বাঁধ তৈরি করা হয়েছে। হোটেল সি-ওয়েভ ও ফকির গ্রুপ সমুদ্রের বালু তুলে জমি ভরাট, সামনে হাঁটাচলার জন্য সৈকতকে দ্বিখণ্ডিত করে রাস্তা তৈরি, সৈকতের জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ অব্যাহত রেখেছে। অন্য প্রতিষ্ঠানগুলোও একইভাবে সৈকতে ১২ তলার বেশি উঁচু ভবন তৈরি করছে। যার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি। সাইফুল আশ্রাব আরও জানান, পরিদর্শনের সময় সাত প্রতিষ্ঠান ছাড়াও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এদেরও ওই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। পাহাড় কেটে বহুতল ভবন: কক্সবাজার শহরের বাইপাস সড়কের পাশে উঁচু পাহাড় কেটে বহুতল ভবন তৈরির অভিযোগে গতকাল বেলা সাড়ে ১১টায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বেসরকারি আবাসনপ্রতিষ্ঠান একলাস ও অপর একটি প্রতিষ্ঠানের মালিক মাহমুদুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তাদের আগামী ২১ আগস্ট পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে হাজির হওয়া এবং নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবন নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ওই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ আদালতে মামলা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।