নোয়াখালীর হাতিয়া উপজেলার চরচেঙ্গা ঘাট থেকে বয়ারচরগামী সি-ট্রাকটি গত বুধবার থেকে বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম বিপাকে পড়েছে। শহীদ শেখ ফজলুল হক মনি নামের ওই সি-ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো অবস্থায় চার দিন ধরে পড়ে আছে।স্থানীয় সূত্র জানায়, একমাত্র সি-ট্রাকটি বন্ধ থাকায় স্থানীয় লোকজন মূল ভূখণ্ডে যাতায়াত করতে পারছে না। বিশেষ করে, দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের দুর্ভোগ বেশি। জরুরি প্রয়োজনে মারাত্মক ঝুঁকি নিয়ে মাছ ধরার ট্রলারে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন অনেকে।সি-ট্রাকটির মাস্টার আবু তাহের বলেন, সি-ট্রাকটির পপুলার সেইফের বুশ অকেজো হয়ে পড়েছে। পূর্ব জোড়খালী গ্রামের রাশেদুল হক ও সোনাদিয়ার গৃহবধূ ফরিদা পারভীনসহ কয়েকজন যাত্রী তমরদ্দি লঞ্চঘাটে প্রথম আলোকে বলেন, জরুরি প্রয়োজনে তাঁদের জেলা সদরে যাওয়া প্রয়োজন। তাই প্রতিদিন সকালে ঘাটে এসে সি-ট্রাকের জন্য তিন ঘণ্টা ধরে অপেক্ষা করেন। চরচেঙ্গা-বয়ারচর চেয়ারম্যানঘাট নৌপথে সি-ট্রাক চালানোর জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) প্রতিবছর চুক্তিভিত্তিক চার্টারার নিয়োগ করে। বর্তমান চার্টারার মোহাম্মদ কাজল বলেন, সি-ট্রাক বন্ধ থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। বিআইডব্লিউটিসির চট্টগ্রাম কার্যালয়ের ব্যবস্থাপক (যাত্রী) গিয়াস উদ্দিন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, চরচেঙ্গা-বয়ারচর নৌপথে বন্ধ সি-ট্রাক চলাচল বন্ধ থাকার বিষয়টি সংস্থার ঢাকা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (যাত্রী) শেখ মোহাম্মদ নাসিমসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিআইডব্লিউটিসি ঢাকা কার্যালয়ের পরিচালক (বাণিজ্য) আনন্দচন্দ্র বিশ্বাস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিগগিরই সি-ট্রাকটি মেরামতের ব্যবস্থা করা হবে। নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে সদ্য মেরামত করা কোনো সি-ট্রাক থাকলে তা নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে।