সি-ট্রাক সাড়ে পাঁচ মাস বন্ধ, বন্দী মনপুরাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা-তজুমদ্দিন নৌপথে চলাচলের একমাত্র নৌযান সি-ট্রাক সাড়ে পাঁচ মাসেও সচল হয়নি। এতে মনপুরার মানুষ বন্দী হয়ে পড়েছেন। শিকার হচ্ছেন নানা দুর্ভোগের।
বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আবুল বাসার মজুমদারের স্বাক্ষরিত ৪ মার্চ পাঠানো চিঠিতে বলা হয়, ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর আট মাস ভোলার সব নদীকে অশান্ত নৌ-পথ (ডেনজার জোন) ধরে বে-ক্রসিং সনদধারী ব্যতীত অন্য সব নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেন সরকার। ওই চিঠি ভোলা জেলা প্রশাসক সেলিম রেজা, জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পাঠানো হয়। এ অবস্থায় ওই পথে লঞ্চ চলাচল আট দিন আগে বন্ধ হয়ে যায়।
মনপুরা উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মাহবুব আলম বলেন, ‘সি-ট্রাকটি দুই দিন চললে, পাঁচ দিন বন্ধ থাকে। গত অক্টোবর মাসে বন্ধ হয়ে যাওয়ার পর সেটি সংস্কারের জন্য নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত সেটিকে দেখা যাচ্ছে না।’
সরেজমিন দেখা যায়, একজন গোপনে ওই পথে যাত্রীবাহী ট্রলার চালাচ্ছেন। লোকজনও জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন।
মনপুরা হাজীরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘২০১০ সাল থেকে সি-ট্রাকটি ঘন ঘন বিকল হওয়ায় ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ট্রলারে করে পণ্য মনপুরায় আনতে গিয়ে ঢেউয়ের পানিতে ভিজে নষ্ট হচ্ছে।’
ইউএনও এরশাদ হোসেন খান বলেন, সি-ট্রাক না চলায় উপজেলার সঙ্গে অন্য জেলা-উপজেলায় যাতায়াত প্রায় বন্ধের পথে।
মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন আবেদ আর রহমান বলেন, ‘এখন গুরুতর অসুস্থ রোগীদের জেলা শহরে নেওয়া আরও কঠিন হয়ে পড়ছে।’
মনপুরা থানার ওসি হানিফ শিকদার বলেন, ‘মনপুরার বন্দী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ নৌযানে উত্তাল মেঘনা পার হচ্ছে। ওঁদের কথা চিন্তা করেই ওই অবৈধ ট্রলার বন্ধ করতে পারছি না।’
ভোলা জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, ‘সি-ট্রাক ছাড়া মনপুরার মানুষ অচল। তাঁরা উপজেলার বাইরে বের হতে পারে না। আইনকে মানতে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। আমরা দ্রুত সি-ট্রাকটি চালু করার চেষ্টা করছি। ইতিমধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।’
অক্টোবরে বন্ধ হওয়া সি-ট্রাকের মাস্টার আবদুল আক্কাস বলেন, ‘শেখ কামাল নামের সি-ট্রাকটি সংস্কারের জন্য নারায়ণগঞ্জে আছে। এপ্রিলের শেষ ছাড়া সংস্কার সম্ভব নয়।’
বিআইডব্লিউটিসির প্রকৌশল বিভাগের উপমহাপরিচালক (ডিজিএম) নজরুল ইসলাম লস্কর বলেন, শেখ কামাল সি-ট্রাকটির ইঞ্জিন সংস্কার হলেই পাঠানো হবে।
ইজারা নেওয়া প্রতিষ্ঠান আলফি এন্টারপ্রাইজের পরিচালক নুরুদ্দীন বলেন, কর্তৃপক্ষ জানুয়ারিতে তাঁকে মাসে ৫৫ হাজার টাকা ইজারা হিসেবে কাগজপত্র বুঝিয়ে দিলেও কোনো সচল সি-ট্রাক বুঝিয়ে দেয়নি।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। দ্রুত সি-ট্রাকটি চালুর চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দেন।