সিঁড়িতে তরুণীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণ মুগদার একটি বাড়ির সিঁড়িতে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (৩০) লাশ মিলেছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। তবে ওই বাসার কেউ তরুণীকে চেনেন না বলে পুলিশের কাছে দাবি করেছেন।
গত মঙ্গলবার গভীর রাতে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, দক্ষিণ মুগদার ৫৬/সি নম্বর বাসার পঞ্চম তলার (ছাদে যাওয়ার) সিঁড়িতে ওই লাশটি পড়ে ছিল। তাঁর গলায় কালো দাগ রয়েছে। পরনে ছিল সবুজ রঙের সালোয়ার-কামিজ ও কালো ওড়না।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ওই ভবনের বাসিন্দারা লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। রাত সাড়ে ১২টার দিকে সিঁড়ির ছাদ লাগোয়া অংশ থেকে লাশ উদ্ধার করা হয়। লাশটি পচতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে।
তবে লাশ কীভাবে সেখানে গেল, সেই প্রশ্নের উত্তরও মেলেনি। পুলিশের ধারণা, এই বাসার কেউ ওই তরুণীকে হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন।