সিঁদ কেটে নবজাতক চুরি, গ্রেপ্তার ৭
পঞ্চগড়ের বোদা উপজেলায় সিঁদ কেটে নবজাতক চুরির ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে৷
বোদা থানার ওসি মজনুর রহমান বলেন, নবজাতক চুরির ঘটনায় রোববার রাতে শিশুর বাবা বাদী হয়ে গত রোববার রাতে আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন৷ এদের মধ্যে সাতজনকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন আব্দুর রশিদ, শহিদুল ইসলাম, আনিছুর রহমান, খুদু মণ্ডল, আব্দুস সামাদ, মমতাজ বেগম ও সুন্দরী বেগম। তাঁরা পরস্পর নিকটাত্মীয়। তবে প্রধান আসামি উসমান মণ্ডল পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মাড়েয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী রিমু বেগম ১৫ দিন আগে প্রথমবারের মতো একটি পুত্রসন্তান জন্ম দেন। শনিবার রাতে তাঁরা নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন৷ গভীর রাতে সিঁদ কেটে চোরেরা তাঁদের শিশুপুত্রকে চুরি করে নিয়ে যায়৷ পরদিন সকালে একই গ্রামের মমতাজের ঘরে শিশুর কান্না শুনে প্রতিবেশীদের সন্দেহ হয়। ঘটনা জানাজানি হলে পুলিশ সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে। তবে শিশুটিকে নিজেদের বলে দাবি করেন মমতাজ বেগম ও তাঁর স্বামী আব্দুস সামাদ।