সিঁদ কেটে যৌন হয়রানি বখাটে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে (১৫) যৌন হয়রানি করেছেন এক বখাটে। বখাটে নুরুল আলমকে (৩৫) আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
ঘটনাটি ঘটেছে মিরসরাই উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের আবুনগর গ্রামে গত মঙ্গলবার রাতে। ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, আবুনগর গ্রামের বখাটে নুরুল আলম মঙ্গলবার গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে ওই ছাত্রীর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে ছাত্রীকে গলা টিপে হত্যা করতে উদ্যত হন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এলে নুরুল আলম পালিয়ে যান।
আবুনগর গ্রামের সর্দার শরাফত উল্লাহ জানান, দুই বছর ধরে বখাটে নুরুল আলম স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ইতিপূর্বে কয়েক দফা গ্রাম্য সালিসের মাধ্যমে নুরুল আলমকে সতর্ক করার পর উত্ত্যক্তের মাত্রা আরও বেড়ে যায়।
মিরসরাই ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমঞ্চদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ছাত্রীর কাছ থেকে অভিযোগ পেয়ে নুরুল আলমকে আটক করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।