সিঁধ কেটে ঢুকে সংখ্যালঘু পরিবারের বধূকে ধর্ষণ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে সংখ্যালঘু পরিবারের এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন।
গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিঁধকেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ওই গৃহবধূকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার গৃহবধূকে গতকাল বুধবার সকালে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই গৃহবধূর শাশুড়ি জানান, তাঁর দুই ছেলে দশমিনায় থেকে মুদি ব্যবসা করেন। ঘটনার রাতে তাঁর ছোট ছেলের স্ত্রী ও দুই নাতনিসহ তিনি তাঁদের গ্রামের বাড়ির ঘরের দোতলায় ঘুমিয়ে ছিলেন৷
রাত দেড়টার দিকে সিঁধ কেটে মুখোশ পরা পাঁচজন যুবক তাঁদের ঘরের ঝাঁপ ভেঙে দোতলায় ওঠে৷ দুবৃর্ত্তরা তাঁর এবং তাঁর নাতনির (৯) হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেয়। এরপর তারা তাঁর পুত্রবধূকে ধর্ষণ করে।
পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ জানান, পাঁচজন মুখোশধারী যুবক তাঁদের ঘরে ঢুকেছিল। এর মধ্যে তিনজনকে তিনি চিনতে পেরেছেন।
ওই তিন যুবক একই এলাকার এবং একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। এদের মধ্যে কমপক্ষে দুজন তাঁকে ধর্ষণ করে। ঘটনার রাতে তাঁদের ঘরে সৌরবিদ্যুতের বাতি জ্বালানো ছিল।
তিনি আরও জানান, ধর্ষণের সময় দুর্বৃত্তদের ধস্তাধস্তিতে তাঁর আড়াই বছর বয়সী মেয়ে ঘুম থেকে জেগে চিৎকার করে ওঠে। তখন এক ধর্ষণকারী শিশুটির গলা টিপে ধরে। পরে অপর এক মুখোশধারী শিশুটিকে অন্যত্র সরিয়ে নেয়।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা নাজনীন নাহার বলেন, ‘আমরা ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছি। বিশেষ কিছু আলামত রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাঁর যথাযথ চিকিৎসা চলছে।’
ধর্ষণের শিকার গৃহবধূর ভাশুর জানান, দুবৃর্ত্তরা তাঁদের ঘর থেকে পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার, ২৫ হাজার টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল গতকাল বিকেল চারটায় প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সঙ্গে জড়িত তিনজনের নাম উল্লেখ করে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে।