সিঁধ কেটে ঢুকে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে জখম!
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী ও শ্বশুরকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে ব্যর্থ হয়ে গত রোববার রাতে তিনি এ ঘটনা ঘটান। গতকাল সোমবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত দুজন হলেন দরিবৃ গ্রামের মো. মকবুল হোসেন (৫৫) ও তাঁর মেয়ে মোছা. জহুরা খাতুন (২১)। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্বজনেরা।
গ্রেপ্তার হওয়া জামাইয়ের নাম মিজানুর রহমান (২৫)। তিনি ভালুকবেড় গ্রামের বাসিন্দা। পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, কলহের জের ধরে ছয় মাস ধরে জহুরা খাতুন একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন। মিজানুর অনেক চেষ্টা করেও স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিতে ব্যর্থ হন। এতে ক্ষুব্ধ হয়ে রোববার রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে প্রথমে শ্বশুর ও পরে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে কোপান তিনি। পরে তিনি পালিয়ে যান। চিৎকার শুনে স্বজনেরা এসে রাতেই আহত দুজনকে হাসপাতালে নিয়ে যান।