সিংগাইরে হামলায় ‘নামকীর্তন’ অনুষ্ঠান পণ্ড, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গতকাল শনিবার স্থানীয় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের লোকজনের হামলায় ঋষি সম্প্রদায়ের ‘নামকীর্তন’ অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। এ হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। তাদের একজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বলধরা ইউনিয়নের পারিল-ঋষিপাড়া গ্রামের ফালান দাসের বাড়িতে প্রতিবছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বী ঋষি সম্প্রদায়ের লোকজন তিন দিনব্যাপী ওই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। গতকাল শনিবার ছিল অনুষ্ঠানের শেষ দিন। গতকাল সকাল ছয়টার দিকে স্থানীয় বর্তমান ইউপি সদস্য আবদুল কাদের, সাবেক সদস্য আলী হোসেনসহ আরও সাত-আটজন এসে অনুষ্ঠানে ব্যবহূত মাইক বন্ধ করতে বলেন। এ নিয়ে অনুষ্ঠান আয়োজক কমিটির সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। পরে ইউপি সদস্য কাদের ও আলীর সঙ্গে থাকা সাত-আটজন যুবক এ হামলা চালান। এতে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। হামলায় কমল রাজবংশী, দিলীপ রাজবংশী, তারামন দাসসহ আরও দু-তিনজন আহত হন। কমল রাজবংশীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে ইউপি সদস্য আবদুল কাদের বলেন, ‘নামাজের সময় মাইক বাজছিল। এ জন্য ওই অনুষ্ঠানে গিয়ে মাইক বন্ধ রাখার অনুরোধ করি। এ নিয়ে সামান্য হাতাহাতি হয়েছে।’ তবে হামলার কথা তিনি অস্বীকার করেছেন।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাসে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।