সিংড়া পৌরসভার মেয়র সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া পৌরসভার মেয়র মো. শামিম আল রাজীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তিনি মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) মহাসচিব।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘নাটোর জেলাধীন সিংড়া পৌরসভার মেয়র বরখাস্তকরণ’ শিরোনামে একটি প্রজ্ঞাপন দেখে শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিংড়া পৌরসভার প্যানেল মেয়র আদনান মাহমুদ। তবে এ ব্যাপারে পৌরসভার মেয়র শামিম আল রাজী ও সচিব আ. মতিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
২৭ আগস্ট স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান স্বাক্ষরিত বরখাস্ত আদেশের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১০ সালে শামিম আল রাজীর বিরুদ্ধে সিংড়া থানায় দায়ের করা তিনটি ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩১(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে ১ নম্বর প্যানেল মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য বলা হয়েছে।