সিংড়ায় কলেজে ঢুকে শিক্ষকদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মের অভিযোগ এনে এর প্রতিবাদ করায় নাটোরের সিংড়া টেকনিক্যাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাঁর বহিরাগত সমর্থকদের নিয়ে সাধারণ শিক্ষক ও অভিভাবকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার সকালে এ হামলা চালানো হয়। এতে পাঁচজন শিক্ষকসহ ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কলেজ চত্বরে ১৪৪ ধারা জারি করেছে। পুলিশ অধ্যক্ষসহ ১২ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও সিংড়া থানা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে কলেজের অধ্যক্ষ ও সিংড়া থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক ওরফে রকি তাঁর বহিরাগত সমর্থকদের নিয়ে সাধারণ শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং অভিভাবকদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। হামলায় প্রভাষক আনছার আলী, মোস্তাফিজুর রহমান, নূরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, ইলিয়াস আলীসহ ১০ জন আহত হন। তাঁদের সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়লে কয়েক শ এলাকাবাসী সমবেত হয়ে কলেজ ঘেরাও করে অধ্যক্ষ ও তাঁর সমর্থকদের অবরুদ্ধ করে রাখেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান কলেজ এলাকার আশপাশে ১৪৪ ধারা জারি করেন। আহত শিক্ষক আনছার আলী অভিযোগ করে বলেন, ‘অধ্যক্ষ ক্ষমতার জোরে কলেজ পরিচালনায় সীমাহীন দুর্নীতি করে চলেছেন। আমরা সহ্য করতে না পেরে আজ সকালে প্রতিবাদ করি। এর জের ধরেই তিনি তাঁর লোকজনকে নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছেন।’
অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বলেন, তিনি নিয়মের মধ্যে থেকেই কলেজ চালাচ্ছেন। কিছু শিক্ষকের অসুবিধা হওয়ায় তাঁরা গোলমাল শুরু করেছেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম ফয়েজুর রহমান বলেন, অধ্যক্ষসহ কয়েকজনকে থানায় নিয়ে আসা হয়েছে, তবে কোনো মামলা হয়নি।