সিংহভাগ অর্থ কর্মকর্তা ও চেয়ারম্যানদের পকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ১৪৫টি প্রকল্পের অবৈতনিক তহবিলের প্রায় ৭২ লাখ টাকার কাজ বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দায়সারাভাবে কাজ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা ওই তহবিলের সিংহভাগ অর্থই আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার পাঁচ উপজেলায় সাত কোটি ১৯ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে কর্মসংস্থান কর্মসূচির ১৪৫টি প্রকল্পের কাজ ১ এপ্রিল শুরু হয়ে ১ জুন শেষ হয়। এসব প্রকল্পের অনুকূলে প্রায় ৭২ লাখ টাকা অবৈতনিক তহবিল হিসেবে বরাদ্দ রাখা হয়। ৩০ জুনের অবৈতনিক তহবিলের টাকা দিয়ে কাজ শেষ করার কথা। এরই মধ্যে জেলার পাঁচ উপজেলায় ৪৫ লাখ টাকা ব্যয় দেখিয়ে তুলে নিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।সদর উপজেলার কয়েকটি প্রকল্পের সভাপতিরা নাম প্রকাশ না করার শর্তে জানান, পিআইও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে অবৈতনিক তহবিলের অর্ধেক অর্থ চেকের মাধ্যমে তুলে নিয়েছেন। প্রতিটি প্রকল্পে কিছু নিম্নমানের সিমেন্টের পাইপ সরবরাহ করা হয়েছে। একজন ইউপি সদস্য আক্ষেপ করে বলেন, ‘প্রকল্প কমিটির সভাপতি হলেও আমরা পিআইও ও ইউপি চেয়ারম্যানদের কাছে অসহায়। মূল কাজের বরাদ্দ করা অর্থের একটা বড় অংশ ওনারা নিয়ে গেছেন। এখন এই তহবিলের চেকে আমাদের সই নিয়ে তাঁরা টাকা নিয়ে যাচ্ছেন।’সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের প্রকল্প কমিটির সভাপতি ইউপি সদস্য রানী বেগম বলেন, ‘পানি নিষ্কাষনের জন্য চারটি পাইপ পেয়েছি। অবৈতনিক তহবিলে ৩৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। কয়েক দিন আগে ১৭ হাজার টাকার একটি চেক সই করে পিআইও সাহেবকে দিয়ে এসেছি। সেই টাকা দিয়েই পিআইও সাহেব আমাকে পাইপ কিনে দিয়েছেন।’ বাকি টাকা কোথায় জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না।’ চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘প্রকল্প কমিটির সভাপতির কাছ থেকে আমি কোনো চেক নিইনি।’সদরের পিআইও রণজিৎ কুমার বলেন, অবৈতনিক তহবিলের ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। অনিয়মের চিত্র তুলে ধরলে তিনি বলেন, ‘আমি একটু ব্যস্ত, এ নিয়ে পরে কথা বলব।’আমতলীর কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা এলাকার রাস্তা সংস্কার প্রকল্পে অবৈতনিক তহবিলের বরাদ্দ আছে ৩৫ হাজার টাকা। সেখানে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ওই রাস্তার একটি অংশে পাইলিং বাবদ দেওয়া হয়েছে বলে জানান প্রকল্প কমিটির একজন সদস্য। কমিটির সভাপতি ইউপি সদস্য রেহেনা বেগমের মুঠোফোনে ফোন করলে তাঁর স্বামী নসা মিয়া বলেন, ‘আমাদের প্রকল্পের একটি অংশে পাইলিং করার জন্য ইউপি সচিব পাঁচ হাজার টাকা দিয়েছেন। ওই টাকা দিয়ে আমরা পাইলিংয়ের কাজ করেছি।’ কড়ইবাড়িয়া ইউপির সচিব স্বপন কুমার বলেন, ‘কাজ শেষ হয়নি, আরও কাজ হবে।’আমতলী উপজেলার পিআইও জাহাঙ্গীর আলম অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কয়েকটি ইউনিয়নে কিছু কাজ করেছি, আরও কাজ করানো হবে।’জেলা ত্রাণ কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস জানান, ‘যত দূর জানি, অবৈতনিক তহবিলের একটা বড় অংশ ছাড় করানো হয়েছে। তবে এই অর্থের কাজ কতটা হয়েছে, সে সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে দেখে পরে দেখব।’