সিংহাসন থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মানুষ মেনে নেবে না: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. কামাল
ড. কামাল

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য প্রয়োজন নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। এ ধরনের সরকারের দাবির সপক্ষে আগে যেসব যুক্তি ছিল, ২০১৩ সালেও সেসব যুক্তি বহাল রয়েছে। শুধু ওই সময়ে এই আন্দোলনের প্রধান কান্ডারি ও বর্তমান আওয়ামী লীগ সরকারের দৃষ্টিভঙ্গি পাল্টেছে বলে মনে করেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।গতকাল রোববার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় ড. কামাল হোসেন এসব কথা বলেন। বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দা মাসুদা খাজা।ড. কামাল হোসেন বলেন, সিংহাসন থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত স্বাধীন দেশের মানুষ মেনে নেবে না। অনেকেই মনে করেন, সিংহাসনে বসে একটি ঘোষণা করে দিলে তা সবাই মেনে নেবে। জনগণই দেশের মালিক—এ কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের বুঝতে হবে দেশ কারোর নয়, কোনো দলের নয়, কোনো পরিবারের নয়। এগুলো বুঝলেই ওসমানীর আত্মা শান্তি পাবে।ড. কামাল হোসেন দাবি করেন, মানুষ আজ প্রস্তুত। জনগণকে দেশের মালিক করার আন্দোলন আজ থেকে শুরু হলো। সব দলের রাজনীতিকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চলেন গ্রামে গ্রামে যাই, সাধারণ মানুষের কাছে গিয়ে জানতে চাই, তাঁরা কী ধরনের নির্বাচন চান। গ্রামীণ জনগণেরও দাবি, একটি গ্রহণযোগ্য ও দলনিরপেক্ষ নির্বাচন।’ সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক পুলিশ কর্মকর্তা মাহবুব উদ্দিন আহমদ, সাংসদ সৈয়দ মহসীন আলী, সাংবাদিক পীর হাবিবুর রহমান প্রমুখ।