সিংড়া ও বাগমারায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া ও রাজশাহীর বাগমারায় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার বালুয়া বাসুয়া মোড়ে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে একটি বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার চালকসহ দুজন আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশার আরোহী লেফাজ উদ্দিনকে (৫৫) মৃত ঘোষণা করেন। লেফাজ উদ্দিন উপজেলার সাতপুকুরিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গতিরোধক নির্মাণের দাবিতে প্রায় দুই ঘণ্টা নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে।ভবানীগঞ্জ-আত্রাই সড়কে রাজশাহীর বাগমারা উপজেলার কালাপাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খড়বোঝাই একটি ভটভটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আমিনুল ইসলাম (৩০) মাটিতে পড়ে গেলে ভটভটিটি তাঁকে চাপা দেয়। লোকজন আমিনুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে রাতে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পথে তাঁর মৃত্যু হয়। বিক্ষুব্ধ লোকজন ভটভটিতে আগুন ধরিয়ে দেয়। দুর্ঘটনার প্রতিবাদে এলাকাবাসী গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ওই সড়কে ভটভটি চলাচল বন্ধ করে দিয়েছে।