সিংড়ার গ্রামে সাপ আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের থরসতি গ্রামে গত এক সপ্তাহে ২০ জনকে সাপে কামড় দেওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর রাত থেকে গত সোমবার পর্যন্ত থরসতি গ্রামের অন্তত ২০ জনকে সাপে কামড় দেয়। আক্রান্ত ব্যক্তিরা জানান, রাতে ঘুমানোর সময় তাঁদের সাপ কামড় দেয়। তবে কামড় খাওয়ার পর পরই জেগে উঠে কেউ সাপ দেখতে পাননি। অধিকাংশ মানুষ হাতে ও পায়ে কামড় খেয়েছেন বলে জানা গেছে। এতে কেউ মারা যাননি। এদিকে ঘটনার পর সবাই গ্রামের বিভিন্ন কবিরাজ ও ওঝার কাছে চিকিৎসা নিয়েছেন ।
আহত জুয়েল হোসেন বলেন, ভোরবেলা ঘুম ভেঙে যাওয়ার পর তিনি ডান পায়ের বুড়া আঙুলে সাপের কামড়ের দাগ দেখেন। সঙ্গে সঙ্গে দড়ি দিয়ে পা বেঁধে চিত্ত ঘোষ ওঝার কাছে যান। ওঝা ভালো করে দেওয়ায় তিনি খুশি মনে তাঁকে ৪০০ টাকা দিয়েছেন।
স্থানীয় চৌকিদার তুলসী রবি দাস বলেন, সাপের বিষ নামাতে গ্রামের কবিরাজ ও ওঝাদের কাছে মানুষ ভিড় করছেন। তাঁরা বিষ নামানোর কথা বলে ৪০০ থেকে ৫০০ টাকা করে আদায় করছেন।
তবে পাশের পাওটা গ্রামের কবিরাজ চিত্ত ঘোষ বলেন, ‘ওত টাকা নিচ্ছি না। যে যা খুশি মনে দেয়, তাই লি।’ সবাই সাপের কামড় খেয়ে তাঁর কাছে আসছেন কি না জানতে চাইলে বলেন, ‘আমার কাছে বলে সাপে কামড়াইছে। আমি ওস্তাদের শেখানো মতে ঝাড়া-ফুঁ দিয়ে চিকিৎসা করি। সবাই তাতে ভালোও হয়েছে।’
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুরাদ হোসেন বলেন, ঝাড়-ফুঁক দিয়ে সাপের বিষ নামে না। এর জন্য চিকিৎসকের কাছে আসা উচিত। আক্রান্তরা কেউ হাসপাতালে আসেননি। তাই তাঁরা কিসে আক্রান্ত হয়েছেন তা বলা যাচ্ছে না।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউপি মিনহাজ উদ্দিন বলেন, ‘আমি গ্রামের সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতনভাবে বসবাসের পরামর্শ দিয়েছি। অসুস্থ হলে ডাক্তার দেখানোর কথাও বলেছি।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন প্রথম আলোকে জানান, বিষয়টি তাঁর জানা নেই। তিনি স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।