সিংড়ার তিন কেন্দ্রে ফের ভোট গ্রহণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম ভোট কারচুপি ও তাঁর এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ করেছেন। তিনি তিনটি কেন্দ্রে আবার ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।

জাহিদুল ইসলাম গতকাল বুধবার বেলা তিনটায় সিংড়া শহরে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। তিনি অভিযোগ করেন, কলম ইউনিয়নের কালিনগর, নাছিয়ারকান্দি ও আনন্দনগর ভোটকেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলামের লোকজন জোর করে তাঁর এজেন্টদের বের করে দেন। পরে ওই সব কেন্দ্রে শফিকুলের সমর্থকেরা একাধিক ব্যালটে সিল মেরে ব্যালট বাক্সে ফেলেছেন। এ ব্যাপারে প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তিনি এই তিন কেন্দ্রের ভোট বাতিল করে আবার ভোট গ্রহণের দাবি জানান। তবে এই অভিযোগের সমর্থনে তিনি কোনো তথ্য-প্রমাণ দিতে পারেননি।

এর আগে বেলা সোয়া দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সরেজমিনে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের নয়টি বুথের আটটিতে কোনো চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্ট দেখা যায়নি। তবে কাউকে ভোট কারচুপি করতে দেখা যায়নি। এ সময় বিএনপি-সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদের এজেন্ট আবদুস সাত্তার অভিযোগ করেন, তাঁকে এজেন্ট হিসেবে কেন্দ্রের ভেতর থাকতে দেওয়া হয়নি।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বিমল পাল বলেন, জাহিদুল ইসলামের পক্ষে কেউ এজেন্ট হওয়ার জন্য আবেদন করেননি। আর অন্যান্য প্রার্থীর এজেন্টরা দুপুরের খাওয়ার জন্য বাইরে গেছেন।

এদিকে সিংড়া গোল ই আফরোজ কলেজ, বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আগ তিরাইল প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজনের পাল্টাপাল্টি ধাওয়া হয়।