সিংড়ায় আ.লীগ কার্যালয়সহ পাঁচ বাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার জিয়াপাড়া মসজিদের কমিটি গঠন এবং পুকুরের মাছ ধরা নিয়ে গ্রামের দুই পক্ষ স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়সহ পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সিংড়া থানা সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার শুকাশ ইউনিয়নের জিয়াপাড়া জামে মসজিদের কমিটির মেয়াদ শেষ হয়। এরপর ওই মসজিদের কমিটি গঠন নিয়ে দুই দল মুসল্লির মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে গত শুক্রবার থানায় পুলিশ প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে বৈঠক হয়। বৈঠকে ওই মসজিদের কমিটি বিলুপ্ত এবং বিরোধপূর্ণ পুকুরে মাছ না ধরার সিদ্ধান্ত হয়। কিন্তু ওই সিদ্ধান্তের পরও মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মুসল্লিদের একাংশ আজমল হোসেন ও ইসমাইল হোসেনের নেতৃত্বে বিরোধপূর্ণ ওই পুকুরে মাছ ধরতে যায়। এ সময় তাদের প্রতিপক্ষ ধাওয়া করে। পরে আজমল হোসেন, ইসমাইল হোসেন (একাধিক ডাকাতি মামলার আসামি) ও মালেক সংঘবদ্ধভাবে ১ নম্বর ওয়ার্ড় আওয়ামী লীগের কার্যালয়সহ প্রতিপক্ষ মুসল্লি আবদুল মজিদ, আবু বক্কর সিদ্দিক, মোস্তাফিজুর, এনামুল ও আনোয়ার হোসেনের বাড়িতে ভাঙচুরের পর লুটপাট করে। এ সময় প্রতিপক্ষের লোকজন ওই পাঁচটি বাড়ি থেকে পাওয়ার ট্রিলার, শ্যালো মেশিনসহ আসবাব লুট করে নেয়। এ ঘটনার পর গতকাল বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালামালের মধ্যে দুটি পাওয়ার ট্রিলার উদ্ধার করে। সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।