সিংড়ায় আ.লীগের ১৪ নেতা-কর্মী বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় নাটোরের সিংড়ার ১২টি ইউনিয়নের ১৪ নেতা-কর্মীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার উপজেলা আওয়ামী লীগের এক সভায় এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে গত রোববারের সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জুনাইদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশ্বনাথ দাস, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি জাহেদুল ইসলাম প্রমুখ।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নেতা-কর্মীরা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। তাই তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হচ্ছেন, আজিজুল হক; আবুল কালাম মৃধা, রেজাউল করিম; নবীর উদ্দিন, লুৎফর রহমান মোল্লা; মাহবুর রহমান, আজিম উদ্দিন; অনিক কুমার মুকুট; সামছুল ইসলাম; আলতাফ হোসেন জিন্নাহ; আলতাফ হোসেন; খাদেমুল ইসলাম, তপন কুমার সরকার ও জাকির হোসেন। ডাহিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মৃধা বলেন, কেন্দ্র থেকে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার নির্দেশনা নেই। তাই এই অপরাধে বহিষ্কারাদেশ দেওয়া বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত।