সিংড়ায় আসামি ছিনতাই, পরে গ্রেপ্তার
নাটোরের সিংড়া উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে মাদক-ব্যবসায়ীরা। শুক্রবার রাতে উপজেলার নঙ্গুইন গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার করে।সিংড়া থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত নয়টায় সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত আলী দুই সেপাইকে নিয়ে নঙ্গুইন গ্রামে গিয়ে জনাব আলী নামের এক মাদক-ব্যবসায়ীকে ১২ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করেন। এ সময় জনাব আলীর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায় এবং তাঁকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে সিংড়া থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে ওই গ্রামে অভিযান চালিয়ে জনাব আলীকে আবারও গ্রেপ্তার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে সিংড়া থানায় দুটি মামলা করেছে। এসব মামলায় জনাব আলীসহ ২৬ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় নঙ্গুইন গ্রামে গ্রেপ্তার-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।সিংড়া থানার ওসি এ এইচ এম ফয়জুর রহমান বলেন, ‘আমাদের ওপর হামলার ঘটনাটি দুর্ভাগ্যজনক। আমরা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছি। আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি। তবে কাউকে অযথা হয়রানি করা হবে না।’