সিংড়ায় এক রাতে দুই ব্যক্তি খুন
নাটোরের সিংড়ায় গত শুক্রবার রাতে এক কৃষক ও এক ছাত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিদের একজনের লাশ বিল থেকে ও অন্যজনের লাশ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।সিংড়া থানা সূত্রে জানা গেছে, সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামের কৃষক আবু বক্কর শুক্রবার সন্ধ্যার পর তাঁর জমির কামলাদের খাবার দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর রাত বেড়ে গেলেও বাড়ি ফিরে না আসায় তাঁকে খোঁজাখুঁজি শুরু হয়। রাত ১০টার দিকে চৌগ্রামের একটি বিল থেকে আবু বক্করের হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।উপজেলার বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রুমা খাতুনের সঙ্গে তার বড় বোন রাজিয়া খাতুনের চাচাতো দেবর রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নয়নের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। রুমা বিয়ের জন্য চাপ দিলে নয়ন তা প্রত্যাখ্যান করেন। শুক্রবার বিকেলে রুমা সাঁওইল গ্রামে নয়নের বাড়িতে যায়। পরে পুলিশ রাত সাড়ে আটটার দিকে নয়নের বাড়ি থেকে রুমার ঝুলন্ত লাশ উদ্ধার করে। রুমার পরিবারের দাবি, তাকে হত্যা করেই লাশ ঝুলিয়ে রাখা হয়।পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। রুমার প্রেমিক ঘটনার পর থেকে পলাতক। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম ফয়জুর রহমান বলেন, হত্যার কারণ জানা সম্ভব হয়নি। দ্রুত তদন্ত করে হত্যাকারীদের খুঁজে বের করা হবে।