সিংড়ায় কৃষকের পা কেটে নিয়েছে সন্ত্রাসীরা
পূর্ববিরোধের জের ধরে নাটোরের সিংড়া উপজেলার বামিহাল দশোপাড়া গ্রামের মজিবর রহমান (৪০) নামের এক কৃষকের পা কেটে নিয়েছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শুকাস ইউনিয়নের বামিহাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মজিবর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বামিহাল বাজারে গেলে পাঁচ থেকে সাতজনের একটি সংঘবদ্ধ দল তাঁকে উঠিয়ে নিয়ে তাঁর বাড়ির সামনে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে ডান পা কেটে নেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের কর্মী আফজাল পক্ষের সঙ্গে একই রাজনৈতিক দলের ফরিদ পক্ষের বিরোধ চলে আসছে; আর এরই জের হিসেবে মজিবর রহমানের পা কেটে নেওয়া হয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বামিহাল বাজারে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।