সিংড়ায় ছাগলের ধান খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ তিনজন আহত হয়েছেন। আহত নারীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংড়ার সুকাশ ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, রোববার দুপুরে গ্রামের কৃষক আব্দুস সামাদের জমির ধান নষ্ট করে একই গ্রামের ফেরদৌসুর রহমানের ছাগল। পরে ওই কৃষক ছাগলটি ধরে নিয়ে যাওয়ায় দুই পরিবারের লোকজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। এরই জের ধরে গতকাল দুপুরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নারীসহ তিনজন আহত হন। ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।