সিংড়ায় বন্যায় ৯,৩২০টি বসতঘর ক্ষতিগ্রস্ত
নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামে আত্রাই নদীর পাড়ে টিনের চারচালা বাড়িতে চার ছেলেকে নিয়ে বসবাস করছিলেন সামিয়ারা বেগম (৪৫)। ১৫ বছর আগে স্বামী গোলাম মোস্তফা মারা যান। তবু স্বামীর ভিটে আঁকড়ে পড়ে ছিলেন তিনি। কিন্তু এবারের বন্যায় মুহূর্তেই পানিতে ভেসে গেছে তিন কক্ষের বসতঘর, রান্নাঘর, টিউবয়েল ও টয়লেট। পানির তোড়ে ভিটেমাটির চিহ্ন পর্যন্ত নেই।
গত শনিবার দুপুরে চাঁদপুর গ্রামে গিয়ে কথা হয় সামিয়ারার সঙ্গে। তিনি বলেন, ‘অল্প বয়সে স্বামী হারিয়ে সংসার আঁকড়ে পড়ে ছিলাম। এই বাড়ি ও জমিটুকু ছাড়া আমার কিছুই ছিল না। এখন কোনো কিছুই থাকল না। বড় ছেলে এমএ পাস করে বাড়িতে বেকার বসে আছে, মেজ ছেলে গার্মেন্টসে অল্প বেতনে চাকরি করে। অন্য দুজন ছাত্র। এখন ওদের মাথার ওপর ছাউনিও রইল না। আমাদের এখন জলে ভেসে যাওয়া ছাড়া পথ নাই। আমি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের বাড়িটা রক্ষার জন্য বারবার অনুরোধ করেছিলাম। কিন্তু কোনো ব্যবস্থাই তাঁরা নেননি।’
সামিয়ারার মতো বাড়িঘর, ভিটেমাটি সবকিছু ভেসে না গেলেও এবারের বন্যায় সিংড়ার ১ হাজার ১২০টি পরিবার বাড়িঘর সম্পূর্ণ হারিয়েছেন। ৮ হাজার ২০০টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এই পরিসংখ্যান প্রকাশ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। শনিবার পর্যন্ত সরকারিভাবে ৮৯টি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়েছে।
ভাগনাগরকান্দি গ্রামে গুড় নদের তীরে রিকশাচালক গোলাম মোস্তফার বাড়ি। তাঁর বসবাসের একমাত্র মাটির ঘরটি ধসে পড়েছে। তিনি বলেন, চার মেয়েকে নিয়ে তিনি আশ্রয়কেন্দ্রে উঠেছিলেন। এখন সবাই আশ্রয়কেন্দ্র ছাড়ছেন। তাঁর প্রশ্ন, তিনি আশ্রয়কেন্দ্র ছেড়ে এখন কোথায় যাবেন? তাঁর মতো শেরকোল ইউনিয়নের তেমোগ গ্রামের মানিক হোসেন বলেন, ‘মাসখানেক হলো আমি বউ-মেয়ে নিয়ে ডিঙিনৌকায় উঠিছি। শুয়ার ঘর ভাঙ্গি পড়ি আছে। আমি ঘর তুলতে পারছিনি। বৃষ্টি আসলে নৌকায় থাকা কাঁথা-বালিশ ভিজি যায়। এভাবে কত দিন থাকতে হয় আল্লায় জানে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ মাহমুদ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য তালিকা তৈরির কাজ চলছে। বসতঘর নির্মাণে মন্ত্রণালয়ের কাছে দুই হাজার বান্ডিল ঢেউটিন ও আড়াই কোটি টাকা চাওয়া হয়েছে।
স্থানীয় সাংসদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ঘরবাড়ি হারানো ৮৯টি পরিবারকে শনিবার দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ছয় হাজার করে টাকা দেওয়া হয়েছে। তবে সরকারের পক্ষে সবার পাশে দাঁড়ানো কষ্টকর হবে। এ জন্য তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।