সিংড়ায় বাস খাদে, মা-ছেলে-মেয়েসহ পাঁচজন নিহত
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম জোড়া সেতু এলাকায় গতকাল রোববার সকালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রীদের তিনজন বাসটির মালিকের পরিবারের সদস্য। দুর্ঘটনায় ১৯ জন আহত হয়েছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ ও বাসের আরোহীরা।
সিংড়া থানা সূত্রে জানা যায়, বগুড়া থেকে নাটোর যাওয়ার পথে নাটোর-বগুড়া মহাসড়কে লিখন পরিবহনের বাসটি সকাল সোয়া নয়টার দিকে জোড়া সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় বাসটির মালিক লিখন উদ্দিনের স্ত্রী সুলতানা বেগম (৩৬), ছেলে সাকিব হোসেন (৭), মেয়ে ঐশী খাতুন ও চালকের সহকারী (নাম জানা যায়নি)। আহত হন ২০ জন। আহত লোকজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে সিংড়া উপজেলার ইটালী গ্রামের মরিয়ম খাতুনকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বাসটির মালিক লিখন উদ্দিনের বাড়ি নাটোর শহরের বঙ্গজল এলাকায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মণ্ডল জানান, লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সিংড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাস নিয়ে খাদে পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। বাসের চালককে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যাত্রী ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, বাসটি ঘন কুয়াশার মধ্যে বগুড়া থেকে নাটোর আসছিল। চলনবিলের ভেতর দিয়ে আসার সময় কুয়াশা আরও ঘন হয়ে আসে। এ সময় চালক রাস্তা ভুল করে পাশের খাদে পড়ে যান।