সিংড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নাটোরের সিংড়া উপজেলার সুকাশে গতকাল শনিবার বিএনপির নেতা সেলিম হোসেনকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে বিএনপির আরেক নেতা আহত হন। আগের দিন শুক্রবার রাতে পাবনার ফরিদপুর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন পৌর কৃষক দলের আহ্বায়ক বাবলু সরকার (৫৫)।
সিংড়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সুকাশ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম হোসেন গতকাল সকাল আটটার দিকে বামিহাল বাজারের একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিলের সমর্থকেরা ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। তাঁদের উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। তাঁকে রক্ষা করতে গেলে ইউনিয়ন মৎস্যজীবী দলের সদস্য নাজিম উদ্দিনকে (৩৮) কুপিয়ে জখম করা হয়। তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেলিম উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবদুল কুদ্দুসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, আওয়ামী লীগের জলিল-আফজালের সন্ত্রাসী বাহিনী সেলিমকে হত্যা করেছে। তবে জলিল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সেলিম সন্ত্রাসী। তাঁকে কারা হত্যা করেছে, জানি না।’
নাটোর ও সিংড়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বামিহাল গ্রামের মৎস্যজীবী দলের নেতা আবদুল কুদ্দুসের সমর্থকদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল ও যুবলীগের নেতা আফজালের সমর্থকদের বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।