সিংড়ায় বিএনপির কর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার নাছিয়ারকান্দি গ্রামে বিএনপির এক কর্মীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আত্রাই নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।সিংড়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন গতকাল বেলা ১১টায় সিংড়া উপজেলার নাছিয়ারকান্দি গ্রামের আত্রাই নদী থেকে বিএনপির কর্মী আসলাম মোল্লার (৩৭) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের গলায় ও পেটে কয়েকটি রক্তাক্ত জখম রয়েছে। নিহতের আত্মীয় বদিবার মোল্লা জানান, সোমবার রাত নয়টায় গ্রামের আবদুল মোল্লার ছেলে আসলাম মোল্লা নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর গতকাল ১১টায় আত্রাই নদীতে তাঁর মৃতদেহ ভেসে ওঠে। তিনি আরও জানান, নিহত আসলাম বিএনপির একজন কর্মী এবং কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল মোল্লার ভাই। খবর পেয়ে সিংড়া থানা থেকে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যায়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফায়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসলাম মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার পর নদীতে ফেলে রেখে যায়। কারা তাঁকে মেরেছে, তা জানা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।