সিংড়ায় বিএনপির দুই পক্ষে বিরোধ চরমে পাল্টাপাল্টি মামলা
নাটোরের সিংড়া উপজেলায় দলীয় আধিপত্য নিয়ে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের দুই পক্ষের বিরোধ চরমে উঠেছে। গত তিন দিনে উভয় পক্ষের শীর্ষনেতাসহ ৭৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে ৫ জুলাই সিংড়া পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি শামীম আল রাজির সমর্থকেরা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন ও তাঁর ভাই উপজেলা যুবদলের সহসভাপতি সোহেল রানাকে মারধর করে গুরুতর জখম করেন। ওই দুই ব্যক্তি উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সমর্থক। এ ঘটনায় তাঁদের বাবা আবদুস সামাদ বাদী হয়ে মেয়র শামীম আল রাজিসহ ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেন। এরপর গত শনিবার পৌর মেয়রের সমর্থক উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদসহ ২৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পাল্টা একটি মামলা করেন।এই মামলা দায়েরের প্রতিবাদে এবং পৌর মেয়রকে গ্রেপ্তার ও অপসারণের দাবিতে গত রোববার সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা সিংড়া বাজারে মিছিল ও সমাবেশ করেন। অপর দিকে মেয়রের সমর্থকেরা একই দিন বিকেলে নাটোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।