বগুড়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
সিংড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন
নাটোরের সিংড়ার ব্যবসায়ী লোকমান হোসেনকে (৩২) হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম গতকাল রোববার এ আদেশ দেন।
এদিকে বগুড়ায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। বগুড়ার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. শফিকুর রহমান গতকাল এ রায় দেন।
নাটোর জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, দুপুরে ব্যবসায়ী লোকমান হত্যা মামলার রায় আদালতে ঘোষণা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় সিংড়ার আনন্দনগর গ্রামের আঙ্গুর মোল্লা (৩৪), মো. মিঠু (৪৪), কালিগঞ্জ গ্রামের ফারুক হোসেন (৩২), করচমাড়ি গ্রামের মো. সোহাগ (৩৯) ও বগুড়ার চকসূত্রাপুর গ্রামের মো. নয়নকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থ পরিশোধ করতে না পারলে আসামিদের আরও এক বছর করে দণ্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে সোহাগ ও নয়ন পলাতক রয়েছেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামি মো. নাসির ও মিলন হোসেনকে আদালত খালাস দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৭ এপ্রিল উপজেলার দামকুড়ি গ্রামের গরু ব্যবসায়ী লোকমান বাড়ি থেকে বের হন। সাত দিন পর ১৪ এপ্রিল বিকেলে কালিগঞ্জ বাজারের পাশের আয়েত আলীর বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় তাঁর ভাই নজরুল ইসলাম থানায় মামলা করেন। তদন্ত শেষে উপপরিদর্শক (এসআই) মন্তেজার রহমান ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ওই সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। রায়ে নাটোরের সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে বগুড়া সদর উপজেলার পলাশবাড়ি গ্রামের স্কুলপাড়ার হাফিজার রহমানের মেয়ে নাছিমার সঙ্গে একই গ্রামের শফিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর নাছিমা পলাশবাড়ি দক্ষিণপাড়ার সামছুজ্জামানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি রাতে নাছিমার সঙ্গে সামছুজ্জামান গোপনে দেখা করতে এলে শফিকুল তাঁদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। নাছিমা ওই সময় সামছুজ্জামানকে সঙ্গে নিয়ে শফিকুলকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে একটি কলাবাগানে লাশ রেখে আসেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ময়নাতদন্তে হত্যার তথ্য মিললে ২ সেপ্টেম্বর সদর থানার এসআই গোলজার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুর রাজ্জাক জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী নাছিমা ও সামছুজ্জামানকে আটক করে। পরে দুজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শফিকুলকে হত্যার দায়ে আদালত নাছিমা ও সামছুজ্জামানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও উভয়কে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।