সিংড়ায় ব্র্যাকের দুই কর্মী, আক্কেলপুরে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই ব্র্যাক কর্মীর মৃত্যু হয়েছে। এদিকে জয়পুরহাটের আক্কেলপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ হারিয়েছে আট বছরের এক শিশু। গতকাল মঙ্গলবার এ দুটি দুর্ঘটনা ঘটে।

সিংড়ায় নিহত ব্যক্তিরা হচ্ছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমান (৪০) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালাল উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২৮)। আক্কেলপুরে নিহত শিশুটির নাম মারুফ হোসেন (৮)। সে সোনামুখী ছিলপাড়া গ্রামের আল মাহমুদের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, গতকাল বিকেল ৫টার দিকে সিংড়া উপজেলা সদরে কাজ শেষে মোটরসাইকেলে করে বামিহালে ফিরছিলেন হাবিবুর ও ইসমাইল। পথে নাটোর-বগুড়া মহাসড়ের জোড়ব্রিজ এলাকায় দিবারাত্রী নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ব্র্যাকের সিংড়ার নিংগইন ব্রাঞ্চের ব্যবস্থাপক জিয়াউল হক বলেন, গ্রহকদের কাছ থেকে আদায় করা টাকা ব্যাংকে জমা দিয়ে বামিহাল শাখায় ফিরছিলেন হাবিবুর ও ইসমাইল। হাবিবুর বামিহাল শাখায় হিসাব কর্মকর্তা এবং ইসমাইল সহকারী হিসাব কর্মকর্তা ছিলেন।

এদিকেবেলা আড়াইটার দিকে আক্কেলপুর-গোপীনাথপুর সড়কের সোনামুখী লেঙ্গলপীর মাজার এতিমখানা মাদ্রাসা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ভটভটির ধাক্কায় মারুফ প্রাণ হারায়। সে ওই মাদ্রাসার ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সিমেন্টবোঝাই ভটভটির ধাক্কায় গুরুতর আহত মারুফকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, মাদ্রাসাটির একটি শ্রেণিকক্ষ সড়কের ওপারে। ছাত্ররা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে ওই শ্রেণিকক্ষে যায়। এতিমখানা মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় মারুফ প্রাণ হারাল।

লেঙ্গরপীর এতিমখানা মাদ্রাসার তত্ত্বাবধায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, দুপুরে বাংলা বিষয়ের ক্লাস ছিল। মারুফ শ্রেণিকক্ষে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। শিক্ষকদের দায়িত্ব অবহেলার অভিযোগ তিনি অস্বীকার করেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ ভটভটিটি আটক করেছে।