সিংড়ায় মোটর শ্রমিক কার্যালয় ভাঙচুর, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভটভটি চলাচল নিয়ে বিরোধের জের ধরে ভটভটির শ্রমিকেরা বুধবার রাতে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল বাজারে মোটর শ্রমিকদের কার্যালয় ভাঙচুর করেছেন। এ সময় দুজন মোটর শ্রমিক আহত হন। সিংড়া মোটর শ্রমিক অফিস ও থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে স্থানীয় ভটভটি শ্রমিকনেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে কিছু তরুণ শেরকোল বাসস্ট্যান্ডে এসে মোটর শ্রমিক কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় তাঁরা অফিসে অবস্থানরত ট্রাকচালক বাবু মোল্লা ও সেলিম হোসেনকে মারধর করেন। ঘটনার সময় এলাকাবাসী এগিয়ে এলে আনোয়ার হোসেনের ভাই ইমান আলী তাঁর ভটভটি ফেলে অন্য ভটভটিগুলো নিয়ে পালিয়ে যান। আহত দুই চালককে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাতেই মোটর শ্রমিকেরা মামলা করতে গেলে সিংড়া থানা পুলিশ মামলা না নিয়ে মীমাংসার পরামর্শ দেন। এতে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করেন এবং মহাসড়ক থেকে অবৈধ ভটভটি উচ্ছেদ ও আনোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে তাঁরা ইউএনও বরাবর স্মারকলিপি দেন ও বিক্ষোভ সমাবেশ করেন। শেরকোল শ্রমিক ইউনিয়নের সভাপতি আরাফত আলী বাদী হয়ে আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করেন। আনোয়ার হোসেন বলেন, ‘আমার গ্রামের লোকজন ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাস্থলে আমি ছিলাম না।’সিংড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিন উদ্দিন বলেন, ‘ভটভটি চলাচল নিয়ে আমার বৈধ শ্রমিকদের মারধর করা হয়েছে। এর সুষ্ঠু বিচার না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।’সিংড়া থানার ওসি এ এইচ এম ফয়জুর রহমান বলেন, এ বিষয়ে মোটর শ্রমিকদের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও আবদুল্লাহ হারুন বলেন, স্মারকলিপি পাওয়ার পরই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।