সিংড়ায় সর্বহারা পার্টির পোস্টার বিলি, আতঙ্ক
নিরাপত্তাহীনতার কারণে কর্তৃপক্ষ নাটোরের সিংড়া উপজেলার কুসুম্বি কালীগঞ্জ বাজার থেকে পুলিশ তদন্তকেন্দ্র গুটিয়ে নেওয়ার এক মাসের মাথায় গত শনিবার ওই এলাকায় নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা সর্বহারা পার্টি পোস্টার বিলি করেছে। এতে চলনবিলবেষ্টিত এই এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকায় পূর্ববাংলা সর্বহারা পার্টির উদ্যোগে কয়েক শ পোস্টার বিলি করা হয়। এতে জ্বালানি তেল, বিদ্যুৎ ও পরিবহন ভাড়া বৃদ্ধি রুখে দাঁড়ানো, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, লুটেরা ও সাম্রাজ্যবাদের দালাল, বড় ধনীকশ্রেণীর শাসন উচ্ছেদ করে কৃষক-শ্রমিক-দরিদ্র ও সাধারণ মানুষের রাষ্ট্রক্ষমতা প্রতিষ্ঠার জন্য বিপ্লবী লড়াই গড়ে তোলার কথা বলা হয়।কালীগঞ্জ বাজারের ভূষিমাল ব্যবসায়ী নিরেন কর্মকার জানান, এখানে প্রতিদিন কয়েক কোটি টাকার ধান-চাল কেনাবেচা হয়। বাজারে ব্যবসায়ীর সংখ্যা দুই শতাধিক। অথচ গত মাসে নিরাপত্তার অজুহাতে এখানকার পুলিশ তদন্তকেন্দ্রটি গুটিয়ে নেওয়া হয়। স্থানীয় শিক্ষক আবদুল জব্বার জানান, এই এলাকায় বাংলা ভাইয়ের জামাতা ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবদুল আওয়ালের বাড়ি। আবার দীর্ঘদিন ধরে এখানে সর্বহারা পার্টির তৎপরতা রয়েছে। এ অবস্থায় পুলিশ তদন্তকেন্দ্র তুলে নেওয়া ঠিক হয়নি। এখান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের সিংড়া থানার সহায়তা পাওয়া খুব কষ্টকর।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ফয়েজুর রহমান জানান, ওই এলাকার নিরাপত্তার জন্য পুলিশের ভ্রাম্যমাণ দল প্রস্তুত রয়েছে। আর পোস্টার বিলির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।