সিংড়ায় সাত দিনে ১৫ ট্রান্সফরমার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। গত এক সপ্তাহে শুধু হুলহুলিয়া এলাকা থেকেই ১২টি ৫ কেভি ও ৩টি ১০ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব ট্রান্সফরমারের মূল্য প্রায় সাত লাখ টাকা। এভাবে চুরির ঘটনায় এলাকায় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সিংড়া থানার পুলিশ ও স্থানীয় কৃষকদের সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার হুলহুলিয়া এলাকার মাঠ থেকে গত এক সপ্তাহে স্থানীয় কৃষক সোলেমান ফকির, শহিদুল ইসলাম, খোকা মণ্ডল, রফিকুল ইসলাম, বদিউজ্জামান, আরিফুল ইসলাম, জহিরুল ইসলাম, আবদুর রাজ্জাক, ইউসুফ ফকির, সাদেক আলী, সাইদুর রহমান, শমসের শহিদ, শহিদুল হক মণ্ডলসহ ১৫ জনের সেচযন্ত্রের ১৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব ট্রান্সফরমারের মধ্যে ১২টি ৫ কেভি ও ৩টি ১০ কেভি ক্ষমতাসম্পন্ন। প্রতিটি ৫ কেভি ট্রান্সফরমারের মূল্য ৩৬ হাজার ও ১০ কেভি ট্রান্সফরমারের মূল্য ৫৮ হাজার টাকা। রাতের বেলা দুর্বৃত্তরা এসব বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। পুলিশকে জানানো হলেও এ পর্যন্ত একটি ট্রান্সফরমারও উদ্ধার যায়নি। রাতে বিদ্যুৎ থাকা অবস্থাতেই এসব ট্রান্সফরমার চুরি হয়েছে। তাই চুরির সঙ্গে বিদ্যুৎ বিভাগের লোকজন জড়িত থাকতে পারেন বলে কৃষকেরা ধারণা করছেন।
হুলহুলিয়া গ্রামের অন্তত ১০ জন কৃষকের সঙ্গে কথা হয়। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, ধান কাটা শুরু হওয়ায় এখন আর খেতে সেচ দেওয়ার দরকার হচ্ছে না। তাই অনেক আগেই সিংড়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ে ট্রান্সফরমার খুলে রাখার জন্য তাঁরা আবেদন করেছেন। অথচ সেগুলো খুলতে দেরি করা হয়। এ সুযোগে সেগুলো চুরি হয়।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিংড়া আঞ্চলিক কার্যালয়ের এজিএম মোহাম্মদ আবু নাসের চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর তিনি সিংড়া থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আর তাঁর দপ্তরে দরখাস্ত করার পর না খোলা পর্যন্ত এক মাস ট্রান্সফরমার পাহারা দেওয়ার দায়িত্ব কৃষকদের। তাঁরা এ দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। তাই এ চুরির ক্ষয়ক্ষতি কর্তৃপক্ষ নিতে পারছে না। তবে সমিতির কোনো লোক চুরির সঙ্গে জড়িত নয় বলে তিনি দাবি করেন। উল্লেখ্য, ২০১৪ সালের ২৮ মার্চ উপজেলার গোয়ালবাড়িয়া মাঠ থেকে এক রাতে নয়টি ট্রান্সফরমার চুরি হয়। সে চুরির রহস্য আজও উদ্ধার করা যায়নি।