সিংড়ায় স্কুলের পিয়ন খুন
নাটোরের সিংড়া উপজেলার নুরপুর উচ্চবিদ্যালয়ের পিয়ন আবদুর রহমান (৪০) খুন হয়েছেন। তাঁকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে। আবদুর রহমান উপজেলার নুরপুর গ্রামের চান মিয়ার ছেলে। তিনি সোমবার বিকেলে স্কুলের অভিভাবক সমাবেশের নোটিশ সই করাতে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা প্রাইভেট পড়তে যাওয়ার সময় নুরপুর খানকা শরিফের পাশের জমিতে তাঁর লাশ দেখতে পায়। তাঁর গলা ও চোখের নিচে কাটার চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সিংড়া থানায় মামলা হয়েছে। স্থানীয় কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলার রহমান বলেন, আবদুর রহমানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান বলেন, ‘তদন্তসাপেক্ষে দায়ী ব্যক্তিদের শনাক্ত করা হবে।’