সিঅ্যান্ডএফ কর্মচারীরা দাবি জানানোর এক সপ্তাহের মাথায় চট্টগ্রাম কাস্টমসের একজন সহকারী কমিশনারকে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। গত সোমবার এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
১৬ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় কাস্টমসের সহকারী কমিশনার আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন সিঅ্যান্ডএফ কর্মচারীরা। এ সময় তাঁর কক্ষের বাইরে লাগানো নামফলক খুলে ফেলা হয়। কাস্টমসের জেটি পরীক্ষণ শাখায় যোগ দেওয়ার এক দিনের মাথায় ‘দুর্ব্যবহারের’ অভিযোগ তুলে আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের বিরুদ্ধে বিক্ষোভ করেন পণ্য খালাসে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।
রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে দেওয়া বদলির আদেশে বলা হয়, ‘সার্বিক কাজকর্ম সন্তোষজনক মর্মে পরিলক্ষিত না হওয়ায় সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর জিরো টলারেন্স নীতির আওতায়’ তাঁকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে পদায়ন করা হয়েছে। ওই আদেশে ‘বদলি কর্মকর্তার দাপ্তরিক আচার-আচরণ ও নৈতিকতা, সেবাধর্মী মানসিকতা গঠন এবং ব্যক্তিত্বের বিকাশের বিষয়ে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সামগ্রিক উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনের পদক্ষেপ গ্রহণের’ জন্য একাডেমির মহাপরিচালককে বলা হয়।
বদলির এই আদেশকে নিজেদের বিজয় হিসেবে দেখছে কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়ন। সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘উনি (আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ) এক টাকাও ঘুষ চাননি বা নেননি কখনো। তবে ঘটনার দিন আমাদের সঙ্গে ভালো ব্যবহারও করেননি। মূলত এ কারণে আমরা বলেছিলাম ওই কর্মকর্তা জেটি পরীক্ষণ শাখায় দায়িত্ব পালন করলে আমরা কার্যক্রম থেকে বিরত থাকব। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কাস্টমস কর্মকর্তা বলেন, আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে গত নভেম্বর পর্যন্ত দুই দফায় কাস্টমসের আনস্টাফিং শাখায় দায়িত্ব পালনের সময় রাজস্ব ফাঁকির অসংখ্য ঘটনা উদ্ঘাটন করেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই সময়ে মোট ১৩২টি চালানে ৪৩ কোটি টাকার ফাঁকি শনাক্ত করেন তিনি। এসব রাজস্ব ফাঁকির ঘটনায় আমদানিকারকদের জরিমানা করা হয়। ধারাবাহিকভাবে রাজস্ব ফাঁকির ঘটনা শনাক্ত করায় অনেকে তাঁর ওপর ক্ষুব্ধ ছিল। এ কারণে কাস্টমসের জেটি পরীক্ষণ শাখায় যোগ দেওয়ার এক দিনের মাথায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ ছিল পরিকল্পিত।
নাম প্রকাশে অনিচ্ছুক কাস্টমসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বদলির এই ঘটনা কাস্টমসের সৎ কর্মকর্তাদের ওপর আঘাতের শামিল। এর আগেও সিঅ্যান্ডএফসহ ব্যবহারকারীদের যত বিক্ষোভ হয়েছে, তা সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত ব্যক্তিদের বিরুদ্ধেই হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, ১৬ জানুয়ারি সহকারী কমিশনার আবদুল আহাদের কার্যালয়ের সামনে বিক্ষোভের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান। তবে গতকাল পর্যন্ত এ-সংক্রান্ত কোনো লিখিত আদেশ জারি হয়নি। আনুষ্ঠানিক কোনো তদন্তও হয়নি।
বিষয়টি নিয়ে কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।